ঝালমুড়ির গানে মজেছেন দিলীপ ঘোষ! রাজনীতির চড়া সুর ছেড়ে পঞ্চায়েত মন্ত্রীর কণ্ঠে নতুন গান

রাজনীতির ময়দানে তাঁর বাচনভঙ্গি বরাবরই চাঁচাছোলা। বিরোধী শিবিরকে আক্রমণ করা হোক কিংবা দলের অন্দরের বার্তা—দিলীপ ঘোষ মানেই বিতর্ক আর আলোচনার কেন্দ্রে থাকা এক নাম। কিন্তু এবার সেই চেনা ছক ভেঙে এক্কেবারে অন্য মেজাজে ধরা দিলেন খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রাজনীতির জটিল সমীকরণ ভুলে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তিনি গাইলেন গান! তাও আবার আস্ত একটা গান তৈরি হয়েছে ‘ঝালমুড়ি’কে কেন্দ্র করে।

সোমবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে সোজা চিনার পার্কের কাছে একটি স্টুডিওতে পৌঁছান মন্ত্রী। সেখানেই শিল্পী লোকেশ গিরি এবং রিমাশ্রীর তৈরি ‘ঝালমুড়ি’ গানে কণ্ঠ মেলালেন তিনি। রাজনীতির মঞ্চে যিনি সারাদিন কথার তুবড়ি ছোটান, তিনিই কি না স্টুডিওর ভেতরে এত সাবলীল! প্রথমবার গান রেকর্ডিং করলেও তাঁর আত্মবিশ্বাস ছিল দেখার মতো।

কিন্তু হঠাৎ ‘ঝালমুড়ি’ কেন? এই ঝালমুড়ির নেপথ্যে রয়েছে রাজনীতির এক দীর্ঘ ইতিহাস। ২০২৬ সালের ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে ঝাড়গ্রামে এসে হঠাৎ রাস্তার ধারের এক দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ঝালমুড়ি খাওয়ার দৃশ্য এবং পরে কৃষ্ণনগরের জনসভায় মোদির মন্তব্য—”আমি ঝালমুড়ি খেয়েছি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের”—নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছিল। সেই থেকে ঝালমুড়ি যেন রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে। পরবর্তী সময়ে জুনে দিল্লিতে এনডিএ-র বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত থেকে মোদির ঝালমুড়ি খাওয়ার দৃশ্যও নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়েছিল।

এবার সেই ঝালমুড়িকেই শিল্পের মোড়কে জনপ্রিয় করতে আসরে নামলেন দিলীপ ঘোষ। গানের কথাতেও রয়েছে এলাহি ব্যাপার— ‘আম আচারে টক মিলবে অল্প দাও হে ভাই’, ‘চামচে নাড়ানাড়ি’ কিংবা ‘জিভে জল আনে ঝালমুড়ি’—এমন সব পাঞ্চলাইন গানের আকর্ষণ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ট্রেনের কামরায় ঝালমুড়ি খাওয়ার চিরন্তন নস্টালজিয়াও উঠে এসেছে গানে।

নিজের নতুন এই শিল্পসত্তা নিয়ে দিলীপ ঘোষ বেশ উচ্ছ্বসিত। স্টুডিওতে রেকর্ডিংয়ের সময় তাঁর সাবলীল উপস্থিতি দেখে উপস্থিত কলাকুশলীরাও চমৎকৃত। রাজনীতির ব্যস্ততার মাঝে মন্ত্রীর এই ‘হালকা মেজাজ’ এবং গানের রেকর্ড করা যে মুহূর্তে ভাইরাল হতে চলেছে, তা নিয়ে কোনও সংশয় নেই। রাজনৈতিক মহলের মতে, একদিকে বিরোধী দলের নেতা, অন্যদিকে পঞ্চায়েত মন্ত্রী—সব মিলিয়ে দিলীপ ঘোষের এই ‘ঝালমুড়ি’ গান এখন সোশাল মিডিয়ায় হিট হওয়ার অপেক্ষায়। এখন দেখার, ঝালমুড়ি নিয়ে মন্ত্রীর এই নতুন উদ্যোগ শ্রোতাদের কতটা আনন্দ দেয়।