জমিতে কাজ সেরে ফিরছিলেন স্বামী-স্ত্রী, মর্মান্তিক পরিণতি! পুজোর আগেই শোকের ছায়া পরিবারে

কাজের জন্য চাষের জমিতে গিয়েছিলেন এক কৃষক দম্পতি। কিন্তু বাড়ি ফেরা আর হলো না। বজ্রপাতের কারণে একসঙ্গেই প্রাণ হারালেন তারা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার করিমপুর মুরুটিয়া থানার সিঙ্গিডাঙ্গা এলাকায়। মৃতদের নাম শ্যামল মণ্ডল (৪৫) এবং তার স্ত্রী কুসুম মণ্ডল (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ২টো নাগাদ দম্পতি চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎই বজ্রপাত হয়, আর তাতেই দু’জনেরই মৃত্যু হয়। রাতে তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। আজ সকালে স্থানীয় কিছু মানুষ তাদের নিথর দেহ জমিতে দেখতে পান।

খবর পেয়ে মুরুটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দম্পতির দেহ উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

মণ্ডল দম্পতি সিঙ্গিডাঙ্গা সর্দারপাড়ার বাসিন্দা। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুজোর ঠিক আগে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীরা ভেঙে পড়েছেন।