ঘুমের মধ্যেই মর্মান্তিক মৃত্যু! বিছানা থেকে পড়ে জলে ডুবে ২ বছরের শিশুর প্রাণ গেল মালদহে

মালদহের বন্যা কবলিত এলাকায় আবারও এক মর্মান্তিক ঘটনা ঘটল। ঘরের মধ্যেই জলে ডুবে প্রাণ হারাল মাত্র ২ বছরের একটি শিশু। বৃহস্পতিবার গভীর রাতে মানিকচক ব্লকের ভুতনির হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গটলা এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
জানা গেছে, পশ্চিম রতনপুরের বাঁধ ভেঙে এলাকায় জল ঢুকে যাওয়ায় পরিবারটি ঘরের ভেতর মাচা তৈরি করে তার ওপর ঘুমিয়েছিল। গভীর রাতে মা-বাবা উঠে গেলেও শিশুটি ঘুমিয়ে ছিল। হঠাৎই বিছানা থেকে পড়ে শিশুটি ঘরের ভেতরে জমে থাকা জলে ডুবে যায়। পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত শিশুটির নাম সুমন মণ্ডল।
এই নিয়ে মালদহের মানিকচক ব্লকের ভুতনি এলাকায় বন্যায় জলে ডুবে তৃতীয় মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে মঙ্গলবার জলের তোড়ে ভেসে গিয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু হয় এবং বুধবার মহেন্দ্রটোলা এলাকায় বন্যার জলে ডুবে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছিল। একের পর এক এমন ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।