তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ‘প্ররোচনামূলক’ ভাষণের বিরুদ্ধে এবার সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ‘সেন্সর’ বা বিধিনিষেধ আরোপের আবেদন জানিয়েছে গেরুয়া শিবির। অভিযোগ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বারবার হিংসায় মদত দিচ্ছেন তৃণমূলের এই দুই প্রধান মুখ।
বিজেপি নেতা শিশির বাজোরিয়া মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে পূর্ব বর্ধমানের রায়নার একটি সভার প্রসঙ্গ উল্লেখ করেছেন। সেখানে অভিষেক বলেছিলেন, “উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বিজেপির ঘাড় ভেঙে দেওয়া হবে।” এরপর দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলিতেও বিরোধীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বিজেপি নেতৃত্বের দাবি, এই মন্তব্য সরাসরি প্ররোচনামূলক এবং ভোটারদের ভয় দেখানোর শামিল। পাশাপাশি ময়নাগুড়ির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য— “ভোটের পরে পোস্টার দিয়ে বলতে হবে বিজেপি করি না”— এটিকেও সেন্সর করার জোরালো দাবি জানানো হয়েছে। এর আগে মমতার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়লেও কমিশন পদক্ষেপ না করায় এবার দুই নেতা-নেত্রীকে একযোগে সেন্সর করার আর্জি জানাল বিজেপি।





