ঘরে ঘরে জ্বরের মাঝেই নতুন আতঙ্ক H1N1! রক্তে অক্সিজেন কমে যাওয়ায় চিন্তায় বিশেষজ্ঞরা

দেশে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে সোয়াইন ফ্লু বা H1N1 ভাইরাস। জাতীয় রাজধানী দিল্লিতে সংক্রমণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে কপালে ভাঁজ পড়েছে চিকিৎসকদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দিল্লির একটি সরকারি হাসপাতালেই হাসপাতাল প্রধান সহ একাধিক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকদের মতে, সোয়াইন ফ্লু অত্যন্ত সংক্রামক একটি রোগ। বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে ফ্লু-এর মতো উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অনেক রোগীর ক্ষেত্রেই রক্তে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে এবং তৈরি হচ্ছে গুরুতর শ্বাসকষ্ট।

সাধারণ ফ্লুর মতোই এতে জ্বর, শুকনো কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা এবং অতিরিক্ত ক্লান্তি দেখা দেয়। তবে বয়স্ক মানুষ, শিশু, গর্ভবতী মহিলা এবং যাঁদের ডায়াবেটিস, হৃদরোগ কিংবা ফুসফুসের পুরনো সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বিশেষ করে দীর্ঘদিন ধরে জ্বর, বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা ঠোঁট নীল হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাঁচি ও কাশির মাধ্যমে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে, তাই মাস্ক ব্যবহার করা, হাত পরিষ্কার রাখা এবং ভিড় এড়িয়ে চলার পাশাপাশি আক্রান্তদের থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।