খেলতে খেলতে মর্মান্তিক দুর্ঘটনা! লোহার গেট চাপা পড়ে এক শিশুর মৃত্যু, জখম আরও দুই

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন জামিয়ানগর এলাকায় খেলা করার সময় নির্মীয়মান একটি বাড়ির লোহার গেট চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুই শিশু গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি।
সোমবার সকালে এই ঘটনায় মৃত শিশুর নাম তানবীর শেখ (৭)। সে প্রথম শ্রেণির ছাত্র ছিল। আহত দুই শিশু হলো আরিফুল শেখ এবং মোস্তাফিজুর রহমান। স্থানীয়দের অভিযোগ, নির্মীয়মান বাড়িটির একটি বড় লোহার গেট কোনো রকমে দড়ি দিয়ে আটকে রাখা হয়েছিল। তিন শিশু সেখানে খেলা করার সময় হঠাৎ সেই গেটটি তাদের ওপর পড়ে যায়।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তানবীরকে বাঁচানো যায়নি। গুরুতর আহত মোস্তাফিজুর এবং আরিফুলকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এই হৃদয়বিদারক ঘটনায় পরিবার এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত বাড়ির মালিক রফিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন কোনো রকম নিরাপত্তা ছাড়াই একটি বিপজ্জনক লোহার গেট রাস্তার পাশে এভাবে রাখা হয়েছিল। সামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে।