বিস্ফোরক অভিযোগ ভাঙড়ের বিধায়ক নওশাদের! তৃণমূলের বিরুদ্ধে দলবদলের প্রস্তাব এবং মন্ত্রিত্বের টোপ দেওয়ার দাবি

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এই এলাকার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, তৃণমূল তাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে এবং বিনিময়ে মন্ত্রিত্বের টোপও দেওয়া হয়েছে।

মানহানির মামলা দায়ের
এই অভিযোগের পাশাপাশি, নওশাদ সিদ্দিকী সোমবার ব্যাঙ্কশাল আদালতে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। তার মতে, শওকত মোল্লা জনসমক্ষে মিথ্যা অভিযোগ করেছেন যে তিনি বিজেপির কাছ থেকে ৩০ কোটি টাকা নিয়েছেন।

নওশাদ সিদ্দিকী বলেন, “শওকত মোল্লার এই কথার উত্তর আমি তার ভাষায় দিতে পারি না, তাই আইনি ভাষায় উত্তর দিচ্ছি। আমি আইনের মাধ্যমে জানতে চাইছি, কবে, কোথায়, কার মাধ্যমে এবং কী ধরনের নোটের মাধ্যমে আমি এই টাকা নিয়েছি। এই মিথ্যাচারের জন্য শওকত মোল্লাকে আদালতে জবাব দিতে হবে।”

নওশাদকে কেন টার্গেট করা হচ্ছে?
নওশাদ সিদ্দিকী মনে করেন, তাকে ব্যক্তিগতভাবে টার্গেট করা হচ্ছে কারণ আইএসএফের একজন মাত্র বিধায়কই তৃণমূল এবং বিজেপির মধ্যেকার গোপন সমঝোতা প্রকাশ করে দিচ্ছে। তিনি বলেন, “আমাকে প্রথমে অফার করেছে, প্রত্যাখান করেছি। তারপর আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিল, ৪২ দিন জেল খেটেছি। যখন ওদের কাছে মাথা নত করছি না, ওরা তখন সামাজিক মাধ্যমকে আমার বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে।”

নওশাদ আরও বলেন, “আমি স্বচ্ছ এবং আত্মবিশ্বাসী, তাই আইনের মাধ্যমে এর জবাব চাইছি।” রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তৃণমূল নেতারা তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন বলে তিনি পাল্টা অভিযোগ করেন।