খেলতে খেলতে জবা ফুল মুখে পুরতেই বিপত্তি! কর্ণাটকে প্রাণ গেল সাড়ে ৬ মাসেরর শিশুর

খেলতে খেলতে অজান্তেই বিপদ ডেকে আনল একরত্তি শিশু। কর্ণাটকের মাইসুরু জেলার দোদ্দা হেজ্জুর এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। জবা ফুল গিলে ফেলার পর শ্বাসনালীতে আটকে শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হলো মাত্র সাড়ে ছয় মাস বয়সী এক শিশুর। মৃত শিশুটির নাম চিন্ময় গৌড়া।

কী ঘটেছিল সেই অভিশপ্ত দুপুরে?
পুলিশ সূত্রে খবর, রবিবার নিজের দাদার সঙ্গে খেলছিল ছোট্ট চিন্ময়। বাড়িতে পুজোর জন্য রাখা একটি জবা ফুল নিয়ে খেলার ছলে তার একাংশ ছিঁড়ে মুখে পুরে দেয় সে। বিষয়টি লক্ষ্য করে তার দাদা ফুলটি মুখ থেকে বের করার চেষ্টা করলেও ততক্ষণে শিশুটি সেটি গিলে ফেলে।

অসহায় লড়াই ও মৃত্যু: ফুলটি শ্বাসনালীতে আটকে যাওয়ায় তীব্র শ্বাসকষ্ট শুরু হয় চিন্ময়ের। আতঙ্কিত বাবা-মা তাকে দ্রুত স্থানীয় হানাগোদের একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে মাইসুরুর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলেও চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি।

এই মর্মান্তিক ঘটনায় গোটা গ্রাম শোকস্তব্ধ। চিকিৎসকদের মতে, ছোট শিশুরা অনেক সময় না বুঝে হাতের কাছে পাওয়া ছোটখাটো জিনিস মুখে পুরে দেয়, যা প্রাণঘাতী হতে পারে। এই ঘটনা ফের একবার অভিভাবকদের সতর্ক হওয়ার বার্তা দিয়ে গেল।