খুন করা হয়েছে টোটো চালককে! লেপাম গ্রামের সেচ খাল থেকে উদ্ধার সুশীল হেমব্রমের দেহ, কী কারণে এই নৃশংসতা?

বাঁকুড়ার বারিকুল থানার লেপাম গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রাম সংলগ্ন একটি সেচ খাল থেকে উদ্ধার হয়েছে এক টোটো চালকের রক্তাক্ত দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুশীল হেমব্রম। নিহত টোটো চালকের শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গিয়েছে। যা দেখে পুলিশ একপ্রকার নিশ্চিত, তাঁকে খুন করা হয়েছে।

সুশীল হেমব্রম স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে লেপাম গ্রামেই বাস করতেন। পেশায় টোটো চালক সুশীল সোমবার বিকালে স্থানীয় রসপাল বাজারে গিয়েছিলেন। সেখান থেকে রাতেই তাঁর বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু তিনি বাড়িতে না ফেরায় চিন্তায় পড়েন পরিবার। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

সেচ খালের কাদায় দেহ, অদূরেই টোটো
মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজন জানতে পারেন, সুশীলের দেহ রক্তাক্ত অবস্থায় গ্রামের সেচ খালের কাদার মধ্যে পড়ে রয়েছে। অদূরেই তাঁর টোটোটিও পড়েছিল।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুশীলের রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো কোনো অস্ত্রের আঘাতেই খুন করা হয়েছে সুশীলকে।

তবে, টোটো চালককে কী কারণে এমন নৃশংসভাবে খুন করা হলো, তার পেছনে কোনো ব্যক্তিগত শত্রুতা না ছিনতাইয়ের কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে বারিকুল থানার পুলিশ।