‘ক্ষমতায় এলেই ২০ দিনের মধ্যে কার্যকর’, বিহারে প্রতিটি পরিবারে ১টি সরকারি চাকরির প্রতিশ্রুতি দিলেন তেজস্বী যাদব!

বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের উদ্দেশে এক বড়সড় ঘোষণা করলেন রাষ্ট্রীয় জনতা দল (RJD) নেতা ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি প্রতিশ্রুতি দিলেন, বিরোধী ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে রাজ্যের প্রতিটি পরিবারে একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে।

তেজস্বী যাদব দাবি করেন, সরকার গঠনের ২০ দিনের মধ্যেই এই নিয়ম কার্যকর করার জন্য বিধান আনা হবে।

চাকরির ঘোষণা: ‘জুমলা নয়, বাস্তবসম্মত পদক্ষেপ’
তেজস্বী যাদব তাঁর এই ঘোষণাকে ‘জুমলা’ বলতে নারাজ। তাঁর দাবি, এটি সম্পূর্ণ বাস্তবসম্মত পদক্ষেপ। তিনি এই প্রসঙ্গে দীর্ঘদিনের শাসক দল জেডিইউ (JDU) ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন।

“২০ বছর ধরে সরকার বুঝতেই পারেনি যে বেকারত্বই সবচেয়ে বড় সমস্যা।”

আরজেডি নেতার মতে, শাসক দল রাজ্যের সবচেয়ে বড় সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। তেজস্বী যাদবের এই ঘোষণা বেকারত্বে জর্জরিত বিহারের তরুণ সমাজের মধ্যে নির্বাচনী ‘গেমচেঞ্জার’ হিসেবে কাজ করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।