কাটমানির খেলায় মাঝপথেই বন্ধ রাস্তা তৈরির কাজ! কাঠগড়ায় ঠিকাদার ও শাসক দল, তোলপাড় বিনপুর!

পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বিনপুর ব্লকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে নির্মিত একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজ ঘিরেই বর্তমানে চরম অসন্তোষ ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির সংস্কার শুরু হয়েছিল ২০২৫ সালের এপ্রিল মাসে এবং চলতি বছরের ১ এপ্রিল কাজ শেষের সাইনবোর্ড টাঙিয়ে ঠিকাদার সংস্থা পাততাড়ি গুটিয়ে চলে যায়। বোর্ডের তথ্য অনুযায়ী, ৩ কোটি ২৮ লক্ষ টাকারও বেশি ব্যয়বরাদ্দে নির্মিত এই সড়কটির জন্য আগামী পাঁচ বছরের রক্ষণাবেক্ষণ বাবদ আরও ৪০ লক্ষ ৪১ হাজার টাকা বরাদ্দ রয়েছে। অথচ, সামান্য বর্ষার প্রথম ফোঁটাতেই রাস্তার বেহাল দশা উন্মোচিত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, রাস্তাটিতে পিচের কোনো আস্তরণই দেওয়া হয়নি এবং মাঝপথেই কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদারি সংস্থা উধাও হয়ে গেছে।
নারায়ণপুর থেকে ঝাড়খণ্ড রাজ্য সীমানায় প্রবেশের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতায়াত মাধ্যমটি সংস্কারের দায়িত্ব পেয়েছিল ‘মাইতি কনস্ট্রাকশন’ নামক একটি ঠিকাদার সংস্থা। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, দুর্নীতির আশ্রয়ে সরকারি কোটি কোটি টাকা সম্পূর্ণ আত্মসাৎ করা হয়েছে। অল্প বৃষ্টিতেই রাস্তার উপর থাকা দুটি গুরুত্বপূর্ণ কজওয়ে জলমগ্ন হয়ে পড়ায় ঝাড়খণ্ডের সঙ্গে এলাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন যে, ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো ধরনের সহযোগিতা করেনি। উল্টোদিকে, এই গোটা দুর্নীতির নেপথ্যে স্থানীয় শাসক দলের ভূমিকা রয়েছে বলে দাবি তুলেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, এই রাস্তার নির্মাণ কাজ ও কাটমানি খাওয়ার নেপথ্যে জড়িত রয়েছেন খোদ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি চিন্ময় মাহাতো ওরফে বুবাই। যদিও এই চাঞ্চল্যকর অভিযোগের বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, ঠিকাদার সংস্থার মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে বা কোনো প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন। সরকারি প্রকল্পের এই নগ্ন দুর্নীতি ও অব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক প্রণত টুডু। তিনি তীব্র আক্রমণ শেনিয়ে বলেন যে, বিগত ১৫ বছর ধরে রাজ্যে যতগুলো সরকারি নির্মাণ কাজ হয়েছে, তার প্রতিটিতেই ব্যাপক গলদ ও অসমাপ্ত কাজের নজির রয়েছে। সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব করতে এবং এই ঘটনার পেছনে থাকা দুর্নীতিগ্রস্তদের মুখোশ উন্মোচন করতে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।