!এক পুলিশ কর্মকর্তার সাহস, জাতীয় সড়কে অজগর দেখেও ভয় না পেয়ে উদ্ধার, তারপর যা ঘটল!

রাতের অন্ধকারে জঙ্গল নয়, এবার সরাসরি জাতীয় সড়কের উপরেই দেখা মিলল একটি বিশাল অজগরের। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার ১১৪ নম্বর জাতীয় সড়কের বলগোনা মোড়ে। হঠাৎ সড়কের ধারে সাপটিকে দেখে রীতিমতো চমকে ওঠেন স্থানীয় মানুষ ও পথচারীরা।
রাত প্রায় ৮টা নাগাদ গুসকরার ট্রাফিক ডিউটি অফিসারদের নজরে আসে অজগরটি। এটি রাস্তার উপর চলে আসায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে গুসকরা ট্রাফিক ওসি আশীষ কুমার লায়েক এবং ডিউটি অফিসার প্রসেনজিৎ পালসহ অন্যান্য পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
সাহসী পুলিশ অফিসার প্রসেনজিৎ পাল
উদ্ধারকাজে মূল ভূমিকা নেন ডিউটি অফিসার প্রসেনজিৎ পাল, যিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত সাপ উদ্ধারকারী। তিনি সাহসিকতার সঙ্গে অজগরটিকে ধরে নিরাপদে বস্তাবন্দী করেন। এই কাজে তাঁকে সহযোগিতা করেন ওসি আশীষ কুমার লায়েক। পুলিশের এই তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং স্থানীয় মানুষের আতঙ্কও কমে যায়।
পরে বন দফতরকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে অজগরটিকে নিজেদের হেফাজতে নিয়ে যান। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, অজগরটিকে পুনরায় নিরাপদে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। পরিবেশপ্রেমী অর্ণব দাস জানান, জনবসতি বাড়ার ফলে এবং খাবারের সন্ধানে প্রাণীরা অনেক সময় বনাঞ্চল ছেড়ে লোকালয়ে চলে আসে। পুলিশের দ্রুত পদক্ষেপ এবং বন দফতরের সহযোগিতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।