“একতরফা ও অনৈতিক…”রেজিনগরে ফাটল বাম ঐক্যেই! CPIM-এর পাল্টা প্রার্থী দিল RSP

একদিকে যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানা ইস্যুতে সরাসরি বামেদের তীব্র আক্রমণ ছড়াচ্ছেন, ঠিক তখনই উপনির্বাচন ঘিরে বামফ্রন্টের অভ্যন্তরীন ঐক্যেই চরম ফাটল প্রকাশ্যে এল। রেজিনগর বিধানসভা উপনির্বাচন ঘিরে মুখোমুখি সংঘাতের পথে হাঁটলো CPIM ও তাদের অন্যতম শরিক দল RSP। সিপিআইএম এককভাবে প্রার্থী ঘোষণা করার পরপরই এবার রেজিনগরে পাল্টা প্রার্থী দাঁড় করাল আরএসপি।
এক আসনেই মুখোমুখি দুই বাম প্রার্থী
গত শনিবার রেজিনগর উপনির্বাচনের জন্য সিপিআইএম প্রার্থী হিসেবে আইনজীবী সৈয়দ আসাদ আলির নাম ঘোষণা করে। তবে এই সিদ্ধান্তে মোটেও সায় ছিল না শরিক দল আরএসপি-র। সিপিআইএম-এর সেই প্রার্থীর নাম না মেনে পাল্টা প্রার্থী হিসেবে বিকাশচন্দ্র মিশ্রকে টিকিট দিয়েছে আরএসপি। বিকাশচন্দ্র মিশ্র দাদপুরের ভূমিপুত্র, রেজিনগর লোকাল কমিটির সম্পাদক ও জেলা কমিটির অভিজ্ঞ সদস্য।
কেন বিদ্রোহী হয়ে উঠলো আরএসপি?
আরএসপি নেতৃত্বের দাবি, ২০১১ সালে পুনর্বিন্যাসের পর রেজিনগর আসনটি তৈরি হওয়ার সময় থেকেই তাঁরা এখানে লড়াই করে আসছেন। তবে পরবর্তীতে কংগ্রেসের সঙ্গে জোট কিংবা অন্যান্য সহযোগী দলের খাতিরে বারবার তাঁদের এই আসনটি ছেড়ে দিতে হয়েছে। এবার আর কোনো আপোস করতে রাজি নয় তারা।
আরএসপি-র রাজ্য সম্পাদক তপন হোড়ের অভিযোগ, সিপিআইএম সম্পূর্ণ ‘একতরফা ও অনৈতিক’ ভাবে প্রার্থী ঘোষণা করেছে। গত জুন মাসেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়ে রেজিনগরে লড়াইয়ের ইচ্ছে প্রকাশ করেছিল আরএসপি। কিন্তু কোনো বিস্তারিত আলোচনা না করেই বিমান বসু ও আলিমুদ্দিন শিবির একতরফা সিদ্ধান্ত নেয়।
এছাড়াও, সিপিআইএম প্রার্থী সৈয়দ আসাদ আলির দলবদলের ইতিহাস নিয়েও উষ্মা প্রকাশ করেছে আরএসপি। অতীতে তিনি সিপিআইএম ছেড়ে তৃণমূলে যান, সেখান থেকে কংগ্রেসে ঘুরে পুনরায় সিপিআইএম-এ ফেরেন। এমন একজন দলবদলকারীকে কেন বামফ্রন্টের মুখ করা হলো, তা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে শরিক দলটি।
বামেদের ভোট কাটাকুটিতে সুবিধা কার?
দুই দলের মধ্যে বেশ কয়েক দফায় বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। আরএসপি পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোদাল-বেলচা প্রতীকে তাঁদের প্রার্থী বিকাশচন্দ্র মিশ্র লড়াইয়ের ময়দান থেকে পিছু হটবেন না। অন্যদিকে, এই শরিকি দ্বন্দ্ব নিয়ে এখনও মুখ খোলেনি সিপিআইএম নেতৃত্ব।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, উপনির্বাচনের ঠিক মুখে বামেদের এই গৃহযুদ্ধ ও ভোট কাটাকুটি তাদের নিজেদের ভোটব্যাঙ্কেই বড় ধস নামাতে পারে। রেজিনগরে দুটি বাম দল মুখোমুখি লড়াইয়ে নামায় দ্বিতীয় স্থানের লড়াইয়ে সরাসরি সুবিধা পেতে পারে মমতাপন্থী তৃণমূল এবং বিজেপি। ফলে সাবেক এই বাম দুর্গে শরিকি কোন্দল কাকে বেশি স্বস্তি দেয়, সেটাই এখন দেখার।