এএফসি কাপের আগেই বড় ধাক্কা প্রতি শিবিরে! কোচ হঠিয়ে ইস্টবেঙ্গলের জন্য কি লাল carpet বিছাল জর্ডনের ক্লাব?

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বের লড়াইয়ে নামার ঠিক আগে বড়সড় ধাক্কা খেল ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জর্ডনের ক্লাব আল হুসেইন ইরবিদ। আগামী ১৬ সেপ্টেম্বর শুরু হতে চলা এই হাইভোল্টেজ ম্যাচে লাল-হলুদের মুখোমুখি হওয়ার আগেই দলের অন্দরে নেমে এসেছে বড় বিপর্যয়। ঘরোয়া লিগের ম্যাচে আল জাজিরার বিরুদ্ধে লজ্জাজনকভাবে ৫-০ গোলে পরাজয়ের পরই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আহমেদ হায়েল। ক্লাবের বোর্ড অফ ডিরেক্টরস তাঁর পদত্যাগপত্র তৎক্ষণাৎ গ্রহণ করায় এশিয়ান মঞ্চের এই গুরুত্বপূর্ণ ম্যাচে আর ডাগআউটে দেখা যাবে না তাঁকে।
ক্লাবের পক্ষ থেকে তাঁর দীর্ঘ মেয়াদের কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হলেও, মরশুমের শুরুর এই বিপর্যয় দলটির আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। হায়েলের পরিবর্তে আপাতত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বাশার বানি ইয়াসিনের হাতে। অর্থাৎ, আন্তর্জাতিক স্তরের এই প্রেস্টিজ ম্যাচে সম্পূর্ণ নতুন এক কোচের অধীনে মাঠে নামতে বাধ্য হচ্ছে জর্ডনের এই ক্লাবটি। ঘরোয়া লিগে ৫ গোলের চরম বিপর্যয় এবং ঠিক ম্যাচের আগে কোচ পরিবর্তনের এই দ্বিমুখী ধাক্কায় আল হুসেইন শিবির এখন ভীষণরকম চাপে রয়েছে।
অন্যদিকে, এই ঐতিহাসিক লড়াইয়ের জন্য লাল-হলুদ ব্রিগেড ইতিমধ্যেই জর্ডনের মাটিতে পা রেখেছে। তবে সম্পূর্ণ বিপদমুক্ত নয় ইস্টবেঙ্গল শিবিরও। দলের অন্যতম ভরসাযোগ্য তারকা ক্রিস ইকোনোমিডিস তীব্র জ্বরে আক্রান্ত হওয়ায় এই মুহূর্তে দলের সঙ্গে জর্ডন ভ্রমণ করতে পারেননি, যা কোচের কপালে কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলেছে। তা সত্ত্বেও, প্রতিপক্ষ শিবিরের কোচহীন দশা এবং রক্ষণভাগের ভঙ্গুর অবস্থাকে পুরোপুরি কাজে লাগিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এর অভিযান সম্পূর্ণ জয় দিয়ে শুরু করতে মরিয়া অস্কার ব্রুজ়ো ও তাঁর শিষ্যরা।
ফুটবল বিশেষজ্ঞদের মতে, কাগজে-কলমে প্রতিপক্ষের এই অস্থির পরিস্থিতি ইস্টবেঙ্গলের পালে বাড়তি হাওয়া জোগালেও, এশিয়ার মঞ্চে জর্ডনের ক্লাবটিকে একচুলও ছাড় দেওয়ার জায়গা নেই। ১৬ সেপ্টেম্বর ঠিক মাঠের লড়াইয়েই স্পষ্ট হয়ে যাবে যে, কোচ পরিবর্তনের এই আকস্মিক ধাক্কা কতটা দ্রুত সামলে ঘুরে দাঁড়াতে পারে আল হুসেইন ইরবিদ। লাল-হলুদ সমর্থকরা এখন অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন এই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের দিকে।