বাংলায় ফুটবলের পুরনো ‘জোশ’ ফেরাতে মাস্টারপ্ল্যান!, অ্যাকাডেমি খোলার ঘোষণা মিঠুনের

বাংলার ফুটবলে কি আবার সেই হারিয়ে যাওয়া সোনালী দিন ফিরতে চলেছে? ফুটবলের প্রতি প্রেম আর আবেগ নিয়ে এবার খাস কলকাতায় ‘বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি’ গড়ার ঘোষণা করলেন বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান, বাংলার ফুটবলকে আবার পুরানো মর্যাদায় ফিরিয়ে আনাই তাঁর মূল লক্ষ্য।
সাংবাদিক বৈঠকে বেশ মেজাজেই দেখা গেল ‘মহাগুরু’কে। ফুটবলের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করে তিনি বলেন, “বাংলার ফুটবলে পুরনো জোশ ফেরানো হবে। খেলায় আবার সেই হারিয়ে যাওয়া উৎসাহ ফিরিয়ে আনতে হবে। নতুন প্রজন্মকে ভালোবাসতে শেখাতে হবে এই খেলাকে।”
“১৫ বছর তৃণমূল মাঠ দেয়নি”, ক্ষোভ উগরে তোপ মিঠুনের
এই ঘোষণার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে ছাড়েননি মিঠুন চক্রবর্তী। শাসক দলকে নিশানা করে তিনি বিস্ফোরক অভিযোগ এনে বলেন, “গত ১৫ বছর তৃণমূল আমাদের কোনো মাঠই দেয়নি। তবে এবার বিজেপি সরকার আসার কারণেই আমরা সহজে এই উদ্যোগ নিতে পেরেছি। তাই কলকাতায় গড়ে উঠছে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি। প্রতিভা খুঁজে বের করতে এবার আমাদের টিম জেলার প্রতিটি কোণায় পৌঁছবে।”
কীভাবে বাছা হবে প্রতিভাবান ফুটবলার?
মিঠুন চক্রবর্তী জানান, প্রতিভার সন্ধানে জেলাভিত্তিক বড় স্কাউটিং ড্রাইভ চালানো হবে। ভারতের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করেছেন এমন প্রখ্যাত ফুটবলাররা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে খুদে প্লেয়ারদের খেলা দেখবেন ও বাছাই করবেন।
বয়সসীমা: মূলত ১২ থেকে ১৬ বছর বয়সী উঠতি তারকাদের অ্যাকাডেমির জন্য চিহ্নিত করা হবে।
প্রশিক্ষণার্থী সংখ্যা: প্রাথমিক পর্যায়ে মোট ৬০ জন বাছাই করা ফুটবলারকে নিখরচায় উচ্চমানের বিশ্বমানের ট্রেনিং দেওয়া হবে।
একসময়ে ভারতীয় ফুটবলে বাঙালি খেলোয়াড়দের একক দাপট থাকলেও, ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। জাতীয় দলে এখন হাতে গোনা কয়েকজন বাঙালি ঠাঁই পান। এই শূন্যতা পূরণ করতেই মিঠুনের এই নয়া উদ্যোগ। এখন দেখার, এই অ্যাকাডেমি আগামী দিনে বাংলার যুব ফুটবলকে কতটা সমৃদ্ধ করতে পারে।