একই দিনে মোদী-শাহের জোড়া আক্রমণ! ৪৪ বছর পর কালনায় প্রধানমন্ত্রী, নবাবের গড়ে ‘পদ্ম’ ফোটানোর ডাক!

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বেজে গিয়েছে বঙ্গে। আর প্রচারের ময়দান মাতাতে একই দিনে রাজ্যে পা রাখলেন বিজেপির দুই প্রধান কান্ডারি— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বঙ্গ ভোটের প্রচারে ‘গেরুয়া ঝড়’ তুলে একের পর এক জনসভা করছেন তাঁরা। বিশেষ করে কালনার সভা ঘিরে তৈরি হয়েছে ঐতিহাসিক মুহূর্ত; ১৯৮২ সালের পর এই প্রথম কোনও প্রধানমন্ত্রী কালনায় পা রাখলেন।

কালনা ১ নম্বর ব্লকের সিমলনের জনসভা থেকে বিরোধীদের তীব্র আক্রমণ শানান মোদী। এরপরই তিনি রওনা দেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের উদ্দেশ্যে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম নবাবের গড়ে পা রাখলেন নরেন্দ্র মোদী। ২০২১ সালের নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত এই জেলায় দুটি আসন পেয়েছিল বিজেপি, তবে এবার তাদের লক্ষ্য অন্তত ৬টি আসন ছিনিয়ে নেওয়া। দিনের শেষে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে মালদহ ও দুই দিনাজপুরের প্রার্থীদের সমর্থনে বড়সড় জনসভা করার কথা রয়েছে তাঁর।

অন্যদিকে, অমিত শাহর উপস্থিতি বিজেপি নেতা-কর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে। উল্লেখ্য, ২০২৬ নির্বাচনে জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই ‘সংকল্প পত্র’ প্রকাশ করে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, যার মধ্যে মহিলাদের ৩০০০ টাকা মাসিক ভাতা এবং অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপের কথা রয়েছে। মোদী-শাহের এই মেগা প্রচার ঘিরে গোটা রাজ্যেই এখন তুঙ্গে রাজনৈতিক পারদ।