উচ্ছ্বাস না বিভীষিকা! পরীক্ষা শেষে গাড়ির বাইরে ঝুলে ছাত্র-ছাত্রীর বিপজ্জনক উল্লাস

পরীক্ষা শেষ হওয়ার আনন্দ স্বাভাবিক, কিন্তু সেই আনন্দ যখন চরম ঝুঁকি নিয়ে উদ্দাম উল্লাসে পরিণত হয়, তখন তা কেবল উদ্বেগই বাড়ায়। মুর্শিদাবাদের জঙ্গিপুরে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে। উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষে একদল ছাত্র-ছাত্রীকে জাতীয় সড়ক ১২ নম্বরের উপর বিপজ্জনকভাবে উল্লাস করতে দেখা গেছে। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়ির ছাদে উঠে কয়েকজন ছাত্র উচ্চস্বরে বাজানো গানের তালে নাচছে। কেউ কেউ আবার গাড়ির দরজার বাইরে অর্ধেক ঝুলে বিপজ্জনকভাবে হাত-পা নেড়ে উল্লাসে মেতেছে। আরেক গাড়িতে সাদা পোশাকে থাকা কয়েকজন ছাত্রীকেও জানালা দিয়ে হাত বের করে নেচে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। রাস্তার দু’পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ছেঁড়া বইয়ের পাতা।
পরীক্ষার্থীরা যে ধরনের বিপজ্জনক কাণ্ড ঘটাচ্ছিল, তা দেখে অনেকেই বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন। তাদের এই ঝুঁকিপূর্ণ আচরণ কেবল নিজেদের জন্যই নয়, সড়কের অন্যান্য যাত্রীদের জন্যও বিপদ ডেকে আনতে পারত। তাদের এই বেপরোয়া আচরণ পুলিশ ও প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।