দীর্ঘ ৪০ দিন ধরে চলা বিধ্বংসী ইরান-আমেরিকা যুদ্ধে অবশেষে এক নাটকীয় মোড়। পশ্চিম এশিয়ার রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে বিশ্বের প্রধান বাণিজ্যপথ ‘হরমুজ প্রণালী’ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল। এবার সেই জট কাটাতে সাময়িক যুদ্ধবিরতির পথে হাঁটল দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই সমঝোতাকে বিশ্বের জন্য একটি “বড় দিন” হিসেবে অভিহিত করেছেন।
মঙ্গলবার ট্রাম্প ঘোষণা করেন, ইরান যদি অবিলম্বে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ খুলে দেয়, তবে আগামী দুই সপ্তাহ কোনো হামলা চালাবে না ওয়াশিংটন। অথচ কদিন আগেই ইরানকে ‘সভ্যতা ধ্বংস’ করার হুমকি দিয়েছিলেন তিনি। তবে এবারের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের স্পষ্ট শর্ত—হরমুজ প্রণালীর নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে তেহরানকে।
এদিকে, আমেরিকার এই প্রস্তাবে সাড়া দিলেও তেহরান কিন্তু নমনীয় হওয়ার কোনো ইঙ্গিত দেয়নি। ইরানের ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’ পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দুই সপ্তাহের জন্য জাহাজ চলাচলের নিরাপত্তা দিলেও তারা যুদ্ধের ময়দান ছেড়ে যাচ্ছে না। তাদের সাফ বার্তা, “আমাদের আঙুল এখনও বন্দুকের ট্রিগারেই আছে।” ওয়াশিংটন শর্ত লঙ্ঘন করলেই ইরান ফের পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এই ভঙ্গুর সমঝোতা বিশ্ব অর্থনীতিতে সাময়িক স্বস্তি দিলেও, যুদ্ধের মেঘ কিন্তু পুরোপুরি কাটেনি।





