আসল পরিচয় লুকিয়ে ব্যাংকক পালানোর ছক! বিমানবন্দরেই ধরা পড়ল যুবক

নিজের আসল পরিচয় গোপন করে কলকাতা থেকে ব্যাঙ্কক পালানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন এক যুবক। ধৃতের নাম গুলাব ওঝা। বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দরে অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে দেখে সন্দেহ করেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়ায়, গুলাবকে বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গুলাব ওঝা আদতে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। ব্যাঙ্কক যাওয়ার উদ্দেশ্যেই তিনি কলকাতায় এসেছিলেন। জানা গিয়েছে, এর আগেও তাঁর আসল পাসপোর্টটি বাজেয়াপ্ত (seize) করা হয়েছিল। তাই তিনি নিজের পদবি বদলে ‘গোলাপ কুমার’ নামে একটি নতুন পাসপোর্ট তৈরি করেন।

এই নতুন পাসপোর্টটি নিয়েই তিনি বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দরে আসেন। তাঁর পরিকল্পনা ছিল এখান থেকে সরাসরি ব্যাঙ্কক চলে যাওয়া। কিন্তু অভিবাসন দফতরের কড়া নজরদারি এড়াতে পারেননি তিনি। গুলাবের কার্যকলাপ সন্দেহজনক মনে হওয়ায় আধিকারিকরা তাকে আটকে দেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন।

বর্তমানে গুলাব ওঝাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে, তিনি কেন নাম পরিবর্তন করে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন এবং এর পেছনে তাঁর আসল উদ্দেশ্য কী ছিল।