নিয়ম ভাঙছে পুলিশ: ‘পুলিশ’ লেখা গাড়ির নম্বর ও কাগজপত্র ভুয়ো

আসানসোল-দুর্গাপুরে ‘পুলিশ’ লেখা একটি টহলদারি গাড়িকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সাদা রঙের সুমো গাড়িটির নম্বর প্লেট, এমনকী গাড়ির মাথায় থাকা লাল-নীল-সাদা আলো সবকিছুই পুলিশি গাড়ির মতো। কিন্তু পরিবহন দফতরের অ্যাপে গাড়ির নম্বর (WB40G9920) অনুসন্ধান করে দেখা গেছে, এমন কোনো গাড়ির হদিশ নেই। পরিবহণ দফতরের ভাষায়, এটি একটি ‘ভুল গাড়ির নম্বর’ (wrong vehicle number)।
অভিযোগ উঠেছে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ লাইনের একাধিক গাড়ির ফিটনেস, ইনস্যুরেন্স এবং দূষণের শংসাপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এর মধ্যে রয়েছে পুলিশের সুমো গাড়ি, সবুজ ও সাদা বাস এমনকি প্রিজন ভ্যানও। ভাঙাচোরা এবং ভগ্নপ্রায় এসব গাড়ি দিয়েই চলছে পুলিশি টহলদারি।
এমন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। তাদের দাবি, সাধারণ মানুষকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর বার্তা দেওয়া হচ্ছে। সামান্য ভুল করলেই সাধারণ বাইক আরোহীদের জরিমানা করা হচ্ছে। অথচ আইনরক্ষকরা নিজেরাই আইন ভাঙছেন। যদিও আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি ট্র্যাফিক জানিয়েছেন, এমন কোনো ঘটনা তাঁর নজরে আসেনি। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কনভয়ে থাকা একটি গাড়ির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়। পরবর্তীতে জানা যায়, গাড়িটির ইনস্যুরেন্সের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল।