আলিপুরদুয়ারে জল কমতেই নতুন আতঙ্ক, নোনাই নদীর বাঁধে ভয়ঙ্কর ফাটল, যে কোনো মুহূর্তে বড় ভাঙনের আশঙ্কা!

প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপর্যস্ত উত্তরবঙ্গে জলস্তর কিছুটা কমলেও, এবার শুরু হয়েছে নদীভাঙনের আতঙ্ক। আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ১ নং ব্লকের বিবেকানন্দ ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোনাই নদীর বাঁধের বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক।
নোনাই নদীর বাঁধে ভয়ঙ্কর ফাটল
গ্রাম পঞ্চায়েত প্রধানের এলাকা পরিদর্শনের পর জানা যায়, ১২/১৬০ এবং ১২/১৬১ বুথের ঠিক পাশেই অবস্থিত এই বাঁধের কয়েকটি অংশে ভয়ঙ্করভাবে ফাটল ধরেছে এবং ধস নেমেছে।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এই ফাটল ও ধস যে কোনও মুহূর্তে বড় ধরণের ভাঙনের কারণ হতে পারে। যদি বাঁধ ভেঙে যায়, তবে পার্শ্ববর্তী এলাকায় বন্যা এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলছে।
স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং নদী বাঁধের স্থায়িত্ব বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রাম পঞ্চায়েত প্রধান ইতিমধ্যেই সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাঁদের দ্রুত বাঁধের মেরামতের কাজ শুরু করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তোর্ষার বাঁধ ভাঙল, চালু হলো প্রথম ফ্লাড সেন্টার
এদিকে, আলিপুরদুয়ার জেলার আরেক এলাকা হাসিমারা সংলগ্ন সুভাষিনী চা বাগানও দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এলাকায় তোর্ষা নদীর বাঁধ ভেঙেছে।
এই পরিস্থিতির মোকাবিলা করতে সুভাষিনী চা বাগান এলাকায় জেলার প্রথম ফ্লাড সেন্টার (Flood Center) চালু করা হয়েছে। ব্লক প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে গৃহবন্দি পরিবারের সদস্যদের উদ্ধার করে সেখানে আনা হচ্ছে। উত্তরবঙ্গের এই বিপর্যস্ত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন দ্রুত ত্রাণ ও মেরামতের কাজ শুরু করতে বদ্ধপরিকর।