আপনি কি এখনও ভোটার? রাজ্যের ২৭ লক্ষ মানুষের নাম গেল ‘অবৈধ’ তালিকায়, বিপাকে সীমান্ত জেলাগুলো

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর পরিবর্তনের ছবি ধরা পড়ল। নির্বাচন কমিশনের সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ, রাজ্যজুড়ে প্রায় ৯১ লক্ষ নামের ওপর কোপ পড়েছে। এর মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ছিল ‘বিবেচনাধীন’ বা আন্ডার অ্যাডজুডিকেশন। সোমবার কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিপুল সংখ্যক ভোটারের নথি অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলাওয়ারি পরিসংখ্যানে সবথেকে ভয়াবহ অবস্থা মুর্শিদাবাদের। এই জেলায় আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা অভিযোগের সংখ্যা ছিল সবথেকে বেশি, যার মধ্যে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জন ভোটারকে ‘অবৈধ’ বলে চিহ্নিত করেছেন জুডিশিয়াল অফিসাররা। শতাংশের হিসেবে আবার নদীয়া জেলা সবাইকে ছাপিয়ে গিয়েছে। সেখানে ২ লক্ষ ৬৭ হাজার ৯৪০টি অভিযোগের নিষ্পত্তিতে ২ লক্ষ ৮ হাজার ৬২৬ জনকেই অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনা (৩.২৫ লক্ষ), দক্ষিণ ২৪ পরগনা (২.২২ লক্ষ) এবং পূর্ব বর্ধমানেও ২ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। কোচবিহারে বিবেচনাধীন থাকা ভোটারের ৪৫ শতাংশেরই নথি ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হয়েছে।
কমিশন সূত্রে খবর, মোট ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২টি অভিযোগের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এর মধ্যে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনকে বৈধ ভোটার হিসেবে পাওয়া গেলেও, ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে এখনই সব আশা শেষ হয়ে যায়নি; যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা পুনরায় নাম তোলার জন্য ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন। ই-স্বাক্ষরের প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া নামের তালিকায় আরও কিছু সংযোজন হতে পারে বলে মনে করা হচ্ছে।