আপনার কি Mahindra গাড়ি? E20 পেট্রোল নিয়ে বড় ঘোষণা কোম্পানির, দুশ্চিন্তা দূর হবে আজই!

দেশজুড়ে E20 পেট্রোল ব্যবহারের প্রয়োজনীয়তা ও নিরাপত্তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই এই বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল অটোমোবাইল সংস্থা মাহিন্দ্রা। কোম্পানির সাফ বক্তব্য, তাদের সমস্ত পেট্রোল গাড়ি E20 ফুয়েলে চালানোর জন্য সম্পূর্ণ নিরাপদ। সোশ্যাল মিডিয়ায় এক গ্রাহকের প্রশ্নের উত্তরে মাহিন্দ্রা কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, তাদের বিদ্যমান পেট্রোল ইঞ্জিনগুলো বর্তমান জ্বালানি মান অনুযায়ী তৈরি, তাই E20 পেট্রোল ব্যবহারে ইঞ্জিনের কোনো ক্ষতির আশঙ্কা নেই।

সংস্থাটি আরও জানিয়েছে, ১ এপ্রিল ২০২৫-এর পর নির্মিত তাদের গাড়িগুলো বিশেষভাবে E20 জ্বালানির জন্য ক্যালিব্রেট বা টিউন করা হয়েছে। ফলে এই গাড়িগুলোতে জ্বালানি দক্ষতা (মাইলেজ) ও পারফরম্যান্স আরও উন্নত হবে। E20 পেট্রোল ব্যবহার করলে ইঞ্জিনের ক্ষতি হয়—এমন প্রচারকে পুরোপুরি ভিত্তিহীন বলে খারিজ করেছে মাহিন্দ্রা। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে টয়োটা, মারুতি সুজুকি, হুন্দাইয়ের মতো বড় বড় অটোমোবাইল সংস্থাগুলোও আগেই E20 পেট্রোলের উপযোগিতা ও নিরাপত্তার পক্ষে সায় দিয়েছে। যদিও বিশেষজ্ঞদের মতে, E10 পেট্রোলের তুলনায় E20-এর শক্তি কিছুটা কম হতে পারে, যার ফলে মাইলেজে সামান্য তারতম্য দেখা যেতে পারে, তবে ইঞ্জিনের দীর্ঘস্থায়িত্ব বা স্বাস্থ্যের ওপর এর কোনো নেতিবাচক প্রভাব নেই। মাহিন্দ্রার এই স্পষ্টিকরণের পর গাড়িচালকদের মধ্যে E20 সংক্রান্ত আতঙ্ক অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে।