আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জয়! জখম কোবরার জটিল অস্ত্রোপচার ও সুস্থ হওয়ার গল্প

মুম্বাইয়ের চেম্বুর এলাকায় এক নির্মাণাধীন সাইটে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল একটি বিরল ইন্ডিয়ান স্পেকটাকলড কোবরাকে। সাপটির প্রাণ বাঁচাতে চিকিৎসকরা গ্রহণ করলেন এক অভিনব ও সাহসী সিদ্ধান্ত। প্রাণীটির আঘাতের সঠিক উৎস ও গাম্ভীর্য বুঝতে চিকিৎসকরা এর সিটি স্ক্যান করার সিদ্ধান্ত নেন।

পশুচিকিৎসক ডঃ দীপা কাথাল জানান, জীবন্ত সরীসৃপকে সিটি স্ক্যান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ, স্ক্যান করার সময় সাপটিকে পুরোপুরি স্থির রাখা দরকার। এই জটিলতা কাটাতে সাপটিকে জেনারেল অ্যানেস্থেশিয়া না দিয়ে বিশেষ ‘লোকাল নার্ভ ব্লক’-এর মাধ্যমে শরীর আংশিক অবশ করা হয়। এরপর ফ্রেডনা ভেট ডায়াগনস্টিকস (FVD)-এর বিশেষজ্ঞ দল হাই-রেজোলিউশন থিন-সেকশন ইমেজিং ও মাল্টিপ্ল্যানার রিকনস্ট্রাকশন প্রযুক্তির সাহায্যে সাপটির দেহের পিছনের অংশের স্ক্যান সম্পন্ন করে।

সিটি স্ক্যান রিপোর্টে দেখা যায়, কোবরাটির ডানদিকের একটি পাঁজরে চিড় বা ফ্র্যাকচার হয়েছে। এছাড়া পেশির টিস্যুতে গভীর ক্ষত ও এয়ার পকেটের চিহ্ন ধরা পড়ে। এই রিপোর্টের ওপর ভিত্তি করেই দ্রুত চিকিৎসা শুরু হয়। কয়েকদিনের নিবিড় পরিচর্যায় সাপটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এরপর বন দফতরের সহযোগিতায় সেটিকে তার স্বাভাবিক আবাসস্থল বা জঙ্গলে সুরক্ষিতভাবে ফিরিয়ে দেওয়া হয়। বন্যপ্রাণী চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের এই সফল দৃষ্টান্ত এখন সারা দেশে প্রশংসিত হচ্ছে।