ভগবানের দর্শন পেতে রক্তদান! মধ্যপ্রদেশের মন্দিরে অভিনব উদ্যোগ সাড়া ফেলল দেশজুড়ে

মধ্যপ্রদেশের খাণ্ডোয়ার বিশ্ববিখ্যাত ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ভিড় এড়াতে এখন আর টাকা দিয়ে VIP পাস কেনার প্রয়োজন নেই। খাণ্ডোয়া জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এই অভিনব প্রকল্পে, মাত্র ২০ মিনিট রক্তদান করলেই মিলছে মন্দির দর্শনের VIP এন্ট্রি। এই সার্টিফিকেটের মাধ্যমে ভক্ত ও তাঁর পরিবার ৩-৪ ঘণ্টার দীর্ঘ লাইন এড়িয়ে দ্রুত বাবার দর্শন পাচ্ছেন। সঙ্গে মিলছে প্রসাদ ও ভগবানের ছবি।

কাজে নেমেছে খাণ্ডোয়া জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর। মন্দিরের কাছেই তৈরি হয়েছে ৫ বেডের একটি বিশেষ রক্তদান শিবির। এই উদ্যোগের ফলে জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের চিত্র পুরোপুরি বদলে গেছে। প্রতি সপ্তাহে প্রায় ১৫০ ইউনিট রক্ত সংগৃহীত হচ্ছে, যা ব্লাড ব্যাংকে প্রথমবারের মতো ‘সারপ্লাস স্টক’ তৈরি করেছে। ও-নেগেটিভ বা এবি-নেগেটিভের মতো দুর্লভ ব্লাড গ্রুপেরও বিশাল স্টক এখন মজুত। জুনের প্রথম ১৫ দিনেই সংগৃহীত হয়েছে প্রায় ৪৯৭ ইউনিট রক্ত, যেখানে পরিকল্পনার শুরুতে সংখ্যাটি ছিল মাত্র ১৬৮।

চিকিৎসকদের মতে, খাণ্ডোয়া মেডিকেল কলেজ চালু হওয়ার পর মাসিক ১২০০ ইউনিট রক্তের প্রয়োজন মেটানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এই ‘তীর্থযাত্রা মডেল’ সেই সংকট পুরোপুরি দূর করেছে। ‘অধিক মাস’-এর পবিত্রতায় ভর করে দান-পুণ্যের এই সংমিশ্রণ খাণ্ডোয়ার ব্লাড ব্যাংককে সমৃদ্ধ করেছে। মন্দিরের এই অভিনব উদ্যোগ প্রমাণ করে যে, ভক্তি আর জনসেবাকে মেলালে তা সমাজ ও চিকিৎসা ব্যবস্থার জন্য এক ‘গেমচঞ্জার’ হয়ে উঠতে পারে। দেশের অন্যান্য তীর্থস্থানের জন্যও খাণ্ডোয়ার এই মডেল একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।