আকাশছোঁয়া দামের জের! AMCA যুদ্ধবিমানের ইঞ্জিন নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারত

ভারতের উচ্চাভিলাষী পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান AMCA প্রকল্পের জন্য মার্কিন সংস্থা GE Aerospace-এর F414 ইঞ্জিনের আকাশছোঁয়া দাম এখন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর, এই ইঞ্জিনের দাম প্রায় তিনগুণ বেড়ে যাওয়ায় ডিআরডিও (DRDO) এখন বিকল্প ইঞ্জিনের সন্ধানে নেমেছে। আগে একটি ইঞ্জিনের দাম ৭০-৮০ কোটি টাকা থাকলেও, বর্তমান অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ভারত সরকারকে নতুন করে ভাবতে বাধ্য করছে।
AMCA হলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক টুইন-ইঞ্জিন যুদ্ধবিমান, যা শত্রুর রডারে ধরা পড়বে না। প্রাথমিক পর্যায়ে Mk1 সংস্করণের জন্য F414-INS6 ইঞ্জিন নির্বাচনের পরিকল্পনা থাকলেও, এখন ফ্রান্সের স্যাফরান (Safran) এবং ব্রিটেনের রোলস-রয়েস (Rolls-Royce)-এর মতো সংস্থাগুলোর প্রস্তাব ভারতকে নতুন দিশা দেখাচ্ছে। বিশেষ করে, স্যাফরান এবং রোলস-রয়েস ১০০ শতাংশ প্রযুক্তি হস্তান্তর (ToT) এবং মেধা স্বত্ব (IPR) দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় জিই-র সঙ্গে প্রতিযোগিতায় তারা অনেকটা এগিয়ে রয়েছে।
এদিকে, এলঅ্যান্ডটি, টাটা অ্যাডভান্সড সিস্টেমস এবং ভারত ফোর্জের মতো বেসরকারি কোম্পানিগুলোকে AMCA-এর পাঁচটি প্রোটোটাইপ তৈরির জন্য টেন্ডার দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরিকল্পনা অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের ৩০ মাসের মধ্যেই প্রথম প্রোটোটাইপের উড্ডয়ন সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মার্কিন ইঞ্জিনের উচ্চমূল্যের চাপে এখন ডিআরডিও কি তাদের মার্কিন নির্ভরতা কমিয়ে বিকল্প হিসেবে ইউরোপীয় শক্তির দিকে ঝুঁকবে, নাকি জিই-এর সঙ্গে সমঝোতায় আসবে—সেটাই এখন দেখার বিষয়।