মুঙ্গেরে মর্মান্তিক ট্র্যাজেডি, গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল একই পরিবারের ৪ বোনসহ ৫ কিশোরী!

বিহারের মুঙ্গেরে বুধবার এক ভয়াবহ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বাসুদেবপুর থানা এলাকার শ্যামপুর ঘাটে গঙ্গাস্নান করতে নেমে তলিয়ে গেল ৫ কিশোরী। মর্মান্তিক এই ঘটনায় মৃতদের মধ্যে ৪ জনই আপন বোন। বাড়িতে পূজা উপলক্ষে সকালে তারা নদীতে স্নান করতে গিয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, স্নানের সময় এক কিশোরী হঠাৎ গভীর জলে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে একে একে বাকি ৪ জনও জলের স্রোতে ভেসে যায়। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও গঙ্গার গভীরতা ও তীব্র স্রোতের কারণে ব্যর্থ হন। নিখোঁজ কিশোরীদের পরিচয় মিলেছে—ক্রান্তি পাসওয়ানের চার কন্যা সঙ্গীতা (১৮), বিনিতা (১৬), সন্ধ্যা (১৪) ও সোনম (১২) এবং তাদের বান্ধবী হিনা কুমারী (১৯)।
একসঙ্গে চার সন্তানকে হারিয়ে পাসওয়ান পরিবারে কান্নার রোল পড়েছে। ঘটনার খবর পেয়েই জেলা প্রশাসন দ্রুত তৎপর হয়েছে। বর্তমানে এনডিআরএফ (NDRF), এসডিআরএফ (SDRF) এবং স্থানীয় দক্ষ ডুবুরিরা বিশাল সার্চ অপারেশন চালাচ্ছে। তবে নদীর তীব্র স্রোত ও জলস্তর বেশি থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। গোটা শ্যামপুর গ্রামে এই ঘটনায় নেমে এসেছে এক গভীর স্তব্ধতা। প্রশাসনের পক্ষ থেকে ঘাটে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। উদ্ধারকারী দল নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।