অবশেষে প্রকাশ্যে, আধার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিরাট পদক্ষেপ মমতার, কী বললেন এসআইআর নিয়ে

উত্তরবঙ্গ সফরের আগে কলকাতার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া (এসআইআর) এবং আধার কার্ড নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এসআইআর-এর জন্য আধার কার্ডকেও বৈধ পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে। এই নির্দেশের পর মমতা বলেন, আধার কার্ডের পাশাপাশি ভোটার কার্ড (এপিক) ও অন্যান্য নথিও যেন এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়।
আধার না এসআইআর, কী বললেন মমতা?
মমতা বারবারই এসআইআর-এর বিরোধিতা করেছেন এবং তিনি তাঁর অবস্থান থেকে সরে আসছেন না, তা এদিন স্পষ্ট করে দেন। মমতা বলেন, ভোটার তালিকা থেকে কোনো ভোটারের নাম যেন বাদ না পড়ে, সেদিকে কড়া নজর রাখতে হবে। তিনি আরও বলেন, এসআইআর নিয়ে ‘ইন্ডিয়া’ জোটের যে অবস্থান, তা-ই তাঁর দলেরও অবস্থান। এই বিষয়ে মমতা আরও বলেন, এসআইআর করার জন্য অন্তত ২ থেকে ৩ বছর সময় দেওয়া উচিত, কারণ এই প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ করা সম্ভব নয়। যাদের আধার কার্ড নেই, তাদের জন্য আধার বানানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
উত্তরবঙ্গ সফর ও প্রতিবেশী রাষ্ট্রের বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি দুই দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। সেখানে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে উন্নয়নের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন। পাশাপাশি, পাট্টা বিলি করারও কর্মসূচি রয়েছে তাঁর।
প্রতিবেশী রাষ্ট্র নেপাল প্রসঙ্গে প্রশ্নের জবাবে মমতা বলেন, “নেপাল একটি ভিন্ন রাষ্ট্র, তাই সেই বিষয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে ভালোবাসি। কেন্দ্রীয় সরকারের কাছে আমার অনুরোধ, তারা যেন সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখে যাতে কোনো রকম অশান্তি না হয় এবং শান্তি বজায় থাকে। আমরা বিশ্বাস করি, প্রতিবেশীরা ভালো থাকলে আমরাও ভালো থাকব।”