অপমান সয়ে যান, কিন্তু অন্যের জন্য গর্জে ওঠেন! ‘আমি শিবের ভক্ত’, আক্রমণকারীদের বার্তা মোদির

রোববার অসমের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে ‘শিবভক্ত’ উল্লেখ করে বলেছেন যে, তিনি সমস্ত গালিগালাজ ও কুকথার ‘বিষ’ হজম করে নিতে পারেন। কিন্তু যখন অন্য কাউকে অপমান করা হয়, তখন তিনি নীরব থাকতে পারেন না। সম্প্রতি তাঁকে ও তাঁর প্রয়াত মা হীরাবেন মোদিকে নিয়ে কিছু বিতর্কিত মন্তব্যের পর, প্রধানমন্ত্রী এই মন্তব্য করলেন।
অসমের দরং জেলায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমি ভগবান শিবের ভক্ত। আমি সমস্ত বিষ গিলে নিই, কিন্তু যখন অন্য কাউকে অপমান করা হয়, আমি চুপ থাকতে পারি না।”
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, জনগণই তাঁর আসল প্রভু, তাঁর যাবতীয় শ্রদ্ধার আধার এবং তাঁর জীবনের ‘রিমোট কন্ট্রোল’ বা নিয়ন্ত্রক।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান বিরোধী দল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ১৯৬২ সালের চীন যুদ্ধের ক্ষত এখনো উত্তর-পূর্বাঞ্চল থেকে মুছে যায়নি। আর কংগ্রেসের বর্তমান প্রজন্ম সেই ক্ষতে যেন নুন ছিটিয়ে দিচ্ছে। এছাড়া, কিংবদন্তি সংগীতশিল্পী ভূপেন হাজারিকাকে ভারতরত্ন দেওয়ার প্রসঙ্গে কংগ্রেসের সমালোচনায় মুখর হন তিনি।
এদিন প্রধানমন্ত্রী মোদি অসমের দরং ও গোলাঘাটে মোট ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে মঙ্গলদোই শহরে একটি নতুন মেডিক্যাল কলেজ, একটি নার্সিং কলেজ ও জিএনএম স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যেখানে মোট ৫৭০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। মোদি বলেন, কেন্দ্র ও রাজ্যের ‘ডবল ইঞ্জিন’ সরকার অসম এবং সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছে।