মিমি চক্রবর্তীকে তলব করল ED! বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে আর্থিক লেনদেনের অভিযোগ, বিপাকে সাংসদ

বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে এবার অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একটি বিতর্কিত বেটিং অ্যাপের আর্থিক লেনদেনে তাঁর নাম জড়িয়ে পড়ার অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, মিমিকে আগামী দিনগুলিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বেশ কয়েক বছর ধরে অনলাইনে বেআইনি বেটিং অ্যাপ চালানোর অভিযোগ উঠেছে, যেখানে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করে তা ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে ঘোরানো হয়েছে। এই অর্থ পাচারচক্রের সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী এবং বিনোদন জগতের তারকার নাম জড়িয়ে পড়ছে। সেই তালিকাতেই মিমির পাশাপাশি বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার নামও উঠে এসেছে।
অভিযোগ উঠেছে, একটি বেটিং সংস্থার প্রোমোশনাল ইভেন্টে মিমি চক্রবর্তী উপস্থিত ছিলেন এবং সেই সংস্থা থেকে তাঁর অ্যাকাউন্টে অর্থ লেনদেন হয়েছে। যদিও মিমির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত নন। এটি সম্পূর্ণ পেশাগত কারণে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাঁর অনুগামীদের অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে তাঁকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে।
এই ঘটনায় টলিউড ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইডি-র এই তদন্তের পরবর্তী ধাপ কী হবে, সেদিকেই এখন সকলের নজর।