অনলাইন গেমে প্রেম, বিলাসবহুল জীবনের নেশা! পুরুলিয়ায় যুবককে গলা কেটে খুনের চেষ্টার নেপথ্যে ২০ বছরের রূপসী?

অনলাইন গেমের আসক্তি আর দ্রুত বিলাসবহুল জীবন পাওয়ার অন্ধ লোভ কীভাবে নব প্রজন্মকে অপরাধের অন্ধকারে ঠেলে দিচ্ছে, তার এক হাড়হিম করা উদাহরণ দেখল পুরুলিয়া। গত ২ অক্টোবর শিমুলিয়া-চাকরা বাইপাসে টোটন ওরফে বাপি সর্দার নামে এক ব্যক্তির ওপর প্রাণঘাতী হামলা ও বাইক ছিনতাইয়ের ঘটনার কিনারা করল জেলা পুলিশ। আর এই ঘটনার তদন্তে নেমে উঠে এল এক চাঞ্চল্যকর প্রেমের গল্প ও অপরাধের নীল নকশা।
পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালে অনলাইন গেম খেলার সময় পুরুলিয়ার খোজরা গ্রামের নির্মল গড়াইয়ের সঙ্গে পরিচয় হয় নদীয়ার বাসিন্দা ২০ বছর বয়সী তরুণী তিথি বিশ্বাসের। বন্ধুত্ব থেকে তৈরি হয় প্রেম। দ্রুত ধনী হওয়ার নেশায় বুঁদ এই যুগল সিদ্ধান্ত নেয় অপরাধের পথে হাঁটার। অভিযোগ, তিথিই নির্মলকে ছিনতাইয়ের জন্য প্ররোচনা দিতেন। ঘটনার আগের দিন তিথি পুরুলিয়ায় আসেন এবং পরিকল্পনা মাফিক সোনাইজুড়ি আন্ডারপাসের কাছে টোটনবাবুর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর বাইক নিয়ে চম্পট দেয় এই যুগল।
দীর্ঘ তদন্তের পর ৩১ ডিসেম্বর পুলিশ নির্মলকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ছিনতাই হওয়া বাইকটি উদ্ধার হয়। নির্মলকে জিজ্ঞাসাবাদের পরই নদীয়ার আড়ংঘাটা থেকে গ্রেফতার করা হয় তিথি বিশ্বাসকে। আদালত তাঁকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। একটি ভার্চুয়াল সম্পর্ক কীভাবে রক্তক্ষয়ী অপরাধে রূপ নিল, তা দেখে হতবাক তদন্তকারীরাও।