পায়ের ত্বকে কালো ছোট ছোট দাগ? আপনি কি ‘স্ট্রবেরি লেগস’-এর সমস্যায় ভুগছেন?

অনেকেই পায়ের ত্বকে ছোট ছোট কালো দাগ বা বিন্দু দেখে চিন্তিত হয়ে পড়েন। সাধারণত আমরা একে ভুল শেভিং-এর ফল মনে করি, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘স্ট্রবেরি লেগস’। ত্বকের এই অবস্থাটির কারণে পা অমসৃণ ও ডটেড দেখায়।

মূলত লোমকূপ বন্ধ হয়ে যাওয়া থেকেই এই সমস্যার সূত্রপাত। আমাদের ত্বকের রোমকূপগুলোতে যখন ধুলো, ঘাম, অতিরিক্ত তেল ও মৃত কোষ জমে, তখন সেগুলো বন্ধ হয়ে যায়। এই ময়লা বাতাসের সংস্পর্শে এসে জারিত হয়ে কালো বিন্দুতে পরিণত হয়। এছাড়া শুষ্ক ত্বক, ‘কেরাটোসিস পিলারিস’ নামক প্রোটিনের আধিক্য, আঁটসাঁট পোশাক পরা, অতিরিক্ত ঘাম এবং ভুল পদ্ধতিতে ত্বক স্ক্রাব করার ফলে এই সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। অনেকেই ত্বক পরিষ্কার করতে গিয়ে জোরে ঘষা দেন, যা ত্বকের উপরের স্তরকে ক্ষতিগ্রস্ত করে পরিস্থিতি আরও জটিল করে তোলে। পায়ের ত্বককে মসৃণ রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার এবং সঠিক উপায়ে ত্বক এক্সফোলিয়েট করা জরুরি। যদি এই সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ।