অমিত শাহর নির্দেশে হার্ড ডিস্ক চুরির চেষ্টা? ইডি অভিযানের মাঝে বিস্ফোরক মমতা, পাল্টাচাল শুভেন্দুর

দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলাকে কেন্দ্র করে আইপ্যাক (I-PAC) কর্তা প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে আজ রণক্ষেত্রের চেহারা নিল শহর। তবে সবচেয়ে বড় চমক ছিল তল্লাশি চলাকালীন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মার সেখানে উপস্থিতি। কেন্দ্রীয় সংস্থার অভিযানের মাঝেই প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রীর ঢুকে পড়া এবং হাতে ‘সবুজ ফাইল’ নিয়ে বেরিয়ে আসা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।
বাড়ি থেকে বেরিয়েই মেজাজ হারান মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে অভিযোগ করেন, তৃণমূলের নির্বাচনী রণকৌশল, প্রার্থী তালিকা এবং গোপন প্ল্যানিংয়ের ‘হার্ড ডিস্ক’ হাতিয়ে নেওয়ার জন্যই এই তল্লাশি চালানো হয়েছে। মমতা সাফ জানান, রাজনৈতিক লড়াইয়ে না পেরে এখন এজেন্সিকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি।
এদিকে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে ‘অসাংবিধানিক’ ও ‘তদন্তে বাধা দান’ হিসেবে ব্যাখ্যা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “২০২১ সালে নিজাম প্যালেস বা রাজীব কুমারের বাড়ির ঘটনার পুনরাবৃত্তি করছেন মুখ্যমন্ত্রী। তিনি কেবল দলের নেত্রী নন, রাজ্যের প্রশাসনিক প্রধানও। কেন্দ্রীয় সংস্থার কাজে হস্তক্ষেপের জন্য ইডির উচিত আইনি পথে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই পদক্ষেপ করা।” শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রী ও সিপির এভাবে তল্লাশি চলাকালীন যাওয়া সরাসরি তদন্তের প্রক্রিয়াকে প্রভাবিত করা। সব মিলিয়ে ইডি হানা ছাপিয়ে এখন সম্মুখ সমরে মমতা বনাম শুভেন্দু।