৮৫০ আসনের লোকসভা! মহিলা সংরক্ষণ বিল নিয়ে মোদী সরকারের মেগা প্ল্যান, বদলে যাচ্ছে সংসদ?

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা সংসদের তিন দিনের বিশেষ অধিবেশন ভারতের সংসদীয় ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করতে চলেছে। এই অধিবেশনের মূল আকর্ষণ ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বা মহিলা সংরক্ষণ বিল। তবে কেবল বিল পেশই নয়, এই মুহূর্তটিকে অবিস্মরণীয় করে তুলতে দেশজুড়ে এক বিশাল ‘আউটরিচ’ কর্মসূচি হাতে নিয়েছে মোদী সরকার। ভারতের বিভিন্ন প্রান্তের সাধারণ নারী কর্মী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বদের দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে সংসদের এই ঐতিহাসিক কার্যক্রম চাক্ষুষ করার জন্য।

এবারের অধিবেশনে ১৩১তম সংবিধান সংশোধনী বিল পেশ করা হবে। সবথেকে বড় চমক লুকিয়ে আছে লোকসভার আসন সংখ্যায়। বিলের খসড়া অনুযায়ী, সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির সিলমোহর পড়লে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে একধাক্কায় ৮৫০ হতে পারে! যার মধ্যে রাজ্যগুলি থেকে সর্বোচ্চ ৮১৫ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে ৩৫টি আসন নির্ধারিত থাকবে। ২০২৭ সালের জনগণনার পরবর্তী ডিলিমিটেশনের আগেই লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন নিশ্চিত করাই এই বিশেষ অধিবেশনের প্রধান লক্ষ্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় এই বিলের প্রয়োজনীয়তা এবং বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। সূচি অনুযায়ী, লোকসভায় প্রায় ১৮ ঘণ্টা এবং রাজ্যসভায় ১০ ঘণ্টা ধরে এই বিল নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলবে। আগামী শনিবার হতে পারে চূড়ান্ত ভোটাভুটি। আসন সংখ্যা বৃদ্ধির এই প্রস্তাবে যদি সিলমোহর পড়ে, তবে তা হবে স্বাধীন ভারতের ইতিহাসে সংসদের বৃহত্তম সংস্কার। ২০২৯-এর নির্বাচনের আগেই ভারতীয় গণতন্ত্রের চেহারা আমূল বদলে দিতে পারে এই ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy