সৌদি-পাকিস্তানের ঐতিহাসিক সামরিক চুক্তি, ভারতের নজরদারিতে গোটা পরিস্থিতি!

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াধে সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই চুক্তিতে সই করেন। এই চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশ আক্রান্ত হলে, তা দুই দেশের ওপরই ‘আগ্রাসন’ হিসেবে গণ্য হবে।

ভারতের বিদেশমন্ত্রক এই চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, “আমরা আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ক্ষেত্রে সৌদি-পাকিস্তানের হাত মেলানোর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখব।” তিনি আরও বলেন, ভারত সরকার জাতীয় স্বার্থ রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সৌদি আরবের রাজা মহম্মদ বিন সলমানের আমন্ত্রণে পাক প্রধানমন্ত্রী রিয়াধে যান। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক, কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর প্রকাশিত এক ছবিতে দেখা যায়, সৌদির যুবরাজ, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান আসিম মুনির এক ফ্রেমে রয়েছেন।

কাশ্মীরে সন্ত্রাসী হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর পর এই সময়ে সৌদির সঙ্গে পাকিস্তানের হাত মেলানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও সাম্প্রতিককালে নয়াদিল্লির সঙ্গে সৌদির দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ মজবুত হচ্ছে। গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর রিয়াদ সফরের সময় সৌদি আরব সন্ত্রাসী হামলার নিন্দা করে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা দেয়। ভারত সবসময়ই পাকিস্তানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলে অভিযোগ করে আসছে। এখন সেই পাকিস্তানই ‘সন্ত্রাস সহ্য করবে না’ বলে উল্লেখ করছে, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।