পুজোর আগেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ! কোচবিহারে কী বার্তা দিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক?

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর ঠিক আগেই রাজ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কোচবিহারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ পরিস্থিতিতে কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি এই বিষয়ে মুখ খুলেছেন এবং সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দিয়েছেন।
দিনহাটা ব্লকের বাতাসুরকুঠি গ্রামে ছয়জন ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়ার পর একটি দল নিয়ে ঘটনাস্থলে যান কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তিনি সেখানকার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বৈঠক করে বলেন, “অযথা দুশ্চিন্তার কোনো কারণ নেই, এটি সামান্য একটি জ্বরের মতোই।” তিনি আরও জানান, শুধু কোচবিহার নয়, রাজ্যের অন্যান্য জায়গাতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে অন্যান্য জেলার তুলনায় কোচবিহারের পরিস্থিতি অনেকটাই ভালো। বর্তমানে কোচবিহারে আক্রান্তের সংখ্যা ১১২ জন।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, পুজোর সময় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। তাই মানুষকে সচেতন হতে হবে। তিনি বলেন, “মানুষ সচেতন না হলে ডেঙ্গি বেড়েই যাবে।”
সচেতনতা বৃদ্ধির জন্য তিনি কয়েকটি পরামর্শ দিয়েছেন:
জ্বর হলে দ্রুত হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বাড়ির আশেপাশে কোথাও জল জমতে দেওয়া যাবে না।
অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে।
এই পদক্ষেপগুলো মেনে চললে ডেঙ্গির বিস্তার অনেকটাই কমানো সম্ভব বলে মনে করেন তিনি।