৮৫ বছরের শান্তি দেবীর কাছে রেল স্টেশনের ওভারব্রিজ মানেই ছিল এক দুর্ভেদ্য পাহাড়। খাড়া সিঁড়ি আর দীর্ঘ পথ পেরিয়ে প্ল্যাটফর্মে পৌঁছানো ছিল দুঃস্বপ্নের মতো। কিন্তু সেই দৃশ্যপট এখন অতীত। শান্তি দেবী এখন লিফটে চেপে হাসিমুখে পৌঁছে যান গন্তব্যে; আর বিশেষ সক্ষম রাজেশ খুঁজে পেয়েছেন স্বনির্ভরতা। ‘সিঁড়ি-ভীতি’ কাটিয়ে পূর্ব রেলওয়ে এখন যাত্রী স্বাচ্ছন্দ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
যাত্রী পরিষেবাকে আরও মর্যাদাপূর্ণ ও নিরবচ্ছিন্ন করতে বদ্ধপরিকর পূর্ব রেলওয়ে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই জোন জুড়ে ইতিমধ্যেই ৯৩টি লিফট এবং ৭৭টি এসকেলেটর সফলভাবে চালু করা হয়েছে। বিভাগীয় পরিসংখ্যান নিম্নরূপ:
আসানসোল: ২৩টি লিফট, ৯টি এসকেলেটর।
হাওড়া: ১৯টি লিফট, ২৬টি এসকেলেটর।
মালদহ: ৩৭টি লিফট, ১৬টি এসকেলেটর।
শিয়ালদহ: ১৪টি লিফট, ২৬টি এসকেলেটর।
এই মিশন এখানেই থেমে নেই। ২০২৬-২৭ অর্থবর্ষের লক্ষ্যমাত্রা নিয়ে রেল আরও আধুনিক হচ্ছে। আগামী দিনে আসানসোল, মালদহ ও শিয়ালদহ বিভাগে আরও ১৪টি নতুন লিফট এবং ৪টি নতুন এসকেলেটর বসানোর পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, শারীরিক প্রতিকূলতা যেন কোনো যাত্রীর সফরের পথে বাধা না হয়, সেটাই তাঁদের মূল লক্ষ্য। অত্যাধুনিক এই পরিকাঠামো প্রবীণ ও দিব্যাঙ্গদের সফরকে করবে আরও সহজ ও আরামদায়ক।





