২০২৬ বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দক্ষিণ কলকাতায় আয়কর দফতরের (Income Tax) ম্যারাথন তল্লাশি ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক পারদ। রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমার থেকে শুরু করে খোদ মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রস্তাবকের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা নিয়ে এবার সরাসরি ময়দানে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে বিজেপিকে একহাত নিয়ে নেত্রীর সাফ কথা, “বিজেপি কালো টাকার পাহাড় নিয়ে বসে আছে, আর রেড হচ্ছে তৃণমূলের নেতাদের বাড়িতে।”
দেবাশিস কুমারের বাড়িতে ভোররাতে হানা: শুক্রবার ভোর থেকে দক্ষিণ কলকাতার দাপুটে নেতা দেবাশিস কুমারের মনোহরপুকুর রোডের বাড়ি এবং নির্বাচনী কার্যালয়-সহ ১০টি জায়গায় তল্লাশি শুরু করেন আয়কর আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে ফেলে চলে জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে, একটি আর্থিক প্রতারণা মামলার সূত্রে এই অভিযান। তল্লাশি চলেছে বড়বাজার ও হাওড়ার একাধিক ঠিকানাতেও।
ক্ষোভে ফাটলেন মমতা: নিজের দলের প্রার্থীদের ওপর এই ‘আক্রমণ’ মেনে নিতে পারেননি তৃণমূল নেত্রী। সভা থেকে মেজাজ হারিয়ে মমতা বলেন:
“বাংলায় কালো টাকার হুন্ডি নিয়ে বসে আছেন (বিজেপি নেতারা)। আর রেড করছেন তৃণমূলের অফিসে! আমার প্রার্থীর বাড়িতে রেড করছেন। এমনকি আমার নিরাপত্তারক্ষীদেরও রেড করতে আসছেন!”
টার্গেটে খোদ মমতার প্রস্তাবক: দেবাশিস কুমারের পাশাপাশি ভবানীপুর এডুকেশন সোসাইটির সদস্য মিরাজ শাহের এলগিন রোডের বাড়িতেও হানা দিয়েছে আয়কর দফতর। উল্লেখ্য, মিরাজ শাহ ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবক। দিল্লি থেকে আসা স্পেশাল টিম দীর্ঘ ৭ ঘণ্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছে।
বিক্ষোভে উত্তাল কালীঘাট: দক্ষিণ কলকাতার নেতা কুমার সাহার গ্রিক চার্চ রো-র আবাসনে হানা দিতেই রাজপথে নামেন তৃণমূল কর্মী-সমর্থকরা। কেন্দ্রীয় এজেন্সির গাড়ির সামনে বসে পড়ে চলে বিক্ষোভ ও অবস্থান। অনুগামীদের দাবি, ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভয় দেখাতেই এই কাজ করছে কেন্দ্র।
ভোটের কয়েকদিন আগে দক্ষিণ কলকাতার অন্দরে এই ‘এজেন্সি বনাম তৃণমূল’ লড়াই বাংলার নির্বাচনী সমীকরণকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।





