“ভয় গিয়েছে, ভরসা আসছে!”-বাংলায় ৯২.৮৮% ভোটের রহস্য ফাঁস করলেন শাহ

প্রথম দফার ভোট মিটতেই বঙ্গ রাজনীতিতে আত্মবিশ্বাসের তুঙ্গে বিজেপি শিবির। শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করলেন, ১৬ জেলার ১৫২টি আসনের মধ্যে ১১০টিরও বেশি আসনে জয় নিশ্চিত করে ফেলেছে গেরুয়া বাহিনী। তাঁর মতে, প্রথম দফার এই ‘ট্রেন্ড’ বলছে দ্বিতীয় দফা শেষে এককভাবেই নবান্ন দখল করবে ভারতীয় জনতা পার্টি।

শাহের ‘মিডনাইট অ্যানালিসিস’

অমিত শাহ জানান, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তিনি দলের বিধানসভা স্তরের কর্মকর্তাদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেছেন। সেই পর্যালোচনার নির্যাস টেনে তিনি বলেন, “বাংলার জনতা নিজেদের ভবিষ্যৎ প্রথম পর্যায়েই ঠিক করে নিয়েছে। ১৬ জেলার ৯২.৮৮ শতাংশ ভোট নিশ্চিতভাবে বুঝিয়ে দিয়েছে যে দিদি যাচ্ছে আর বিজেপি আসছে।”

শান্তিপূর্ণ ভোটের খতিয়ান

গত কয়েক দশকের নির্বাচনের তুলনায় এবার ভোট অনেক বেশি শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেন শাহ। তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন:

  • ২০১৬-তে আহত হয়েছিলেন ১২৭৮ জন।

  • ২০২১-এ সেই সংখ্যা ছিল ১৬৮১।

  • ২০২৪-এর লোকসভায় ৭৬১ জন।

  • ২০২৬-এর প্রথম দফায় মাত্র ৩০ জনের কম আহত হয়েছেন, এবং কারোর মৃত্যু হয়নি। শাহের দাবি, নির্বাচন কমিশনের কড়াকড়ি এবং ভয়মুক্ত পরিবেশের কারণেই সাধারণ মানুষ রেকর্ড হারে বুথমুখী হয়েছেন।

পূর্ব ভারতে ‘কমল’ শাসন

৫ মে-র পর পূর্ব ভারতের রাজনৈতিক মানচিত্র বদলে যাবে বলে ইঙ্গিত দেন শাহ। তাঁর কথায়, “অঙ্গ (বিহার), বঙ্গ (পশ্চিমবঙ্গ) এবং কলিঙ্গ (ওড়িশা)— সর্বত্রই এবার ভারতীয় জনতা পার্টির শাসন হবে। এই জয় পূর্ব ভারতের সার্বিক বিকাশের জন্য একটি অত্যন্ত ইতিবাচক খবর।” তিনি আরও যোগ করেন যে, বিজেপি সমর্থকদের পোলিং স্টেশনে আনা যাচ্ছে না বলে যে প্রচার চালানো হয়েছিল, তা এবার ভুল প্রমাণিত হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy