আমরা সুস্থ থাকতে টয়লেট পরিষ্কারের বিষয়ে যতটা সচেতন, ঘরের অন্যান্য জিনিসের ক্ষেত্রে ঠিক ততটাই উদাসীন। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে পিলে চমকানো তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের ঘরের এমন কিছু জিনিস আছে যা টয়লেট সিটের চেয়েও প্রায় ১০০ গুণ বেশি জীবাণু বহন করে।
১. রান্নাঘরের স্পঞ্জ বা স্ক্রাবার: টয়লেটে সাধারণত ৩-৪ ধরনের ব্যাকটেরিয়া থাকে, কিন্তু রান্নার কাজে ব্যবহৃত একটি সাধারণ স্পঞ্জে প্রায় ৩৬০ প্রজাতির ব্যাকটেরিয়া পাওয়া গেছে। আর্দ্রতা ও খাবারের অবশিষ্টাংশ এটিকে জীবাণুর স্বর্গরাজ্য বানিয়ে তোলে।
২. স্মার্টফোন ও রিমোট: সারা দিন আমাদের হাতে থাকে স্মার্টফোন। বাথরুম থেকে বিছানা—সর্বত্র এর যাতায়াত। গবেষণায় দেখা গেছে, একটি সাধারণ স্মার্টফোনের স্ক্রিনে টয়লেট সিটের চেয়েও বেশি ‘ই-কোলাই’ ব্যাকটেরিয়া থাকে। একই কথা প্রযোজ্য টিভির রিমোটের ক্ষেত্রেও।
৩. কাটিং বোর্ড ও কিচেন সিঙ্ক: কাঁচা মাংস বা সবজি কাটার বোর্ড সঠিকভাবে পরিষ্কার না করলে তাতে সালমোনেলার মতো মারাত্মক জীবাণু বাসা বাঁধে। এছাড়া কিচেন সিঙ্ক হলো বাড়ির অন্যতম নোংরা জায়গা, যা নিয়মিত জীবাণুমুক্ত করা জরুরি।
সুস্থ থাকতে হাত ধোয়ার পাশাপাশি ঘরের এই নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো নিয়মিত স্যানিটাইজ করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।





