সময় না দেওয়া থেকে স্ত্রীকে ছোট করা, এই অভ্যাসগুলি বিবাহবিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে!

দাম্পত্য জীবন সুখের করতে হলে স্বামী-স্ত্রীর মধ্যে শুধু ভালো বোঝাপোড়া থাকলেই হবে না, বরং একে অপরের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ থাকা প্রয়োজন। যদিও সব স্ত্রীই একজন দায়িত্বশীল ও যত্নবান স্বামী প্রত্যাশা করেন, তবে বিয়ের পর পুরুষের কিছু আচরণ নারীদের উদ্বিগ্ন করে তোলে। একসময় এসব আচরণ থেকেই স্ত্রী মনে মনে জীবনসঙ্গীকে ঘৃণা করা শুরু করতে পারেন। চলুন জেনে নিই স্বামীর তেমনই ৫টি কাজ বা অভ্যাস সম্পর্কে, যা স্ত্রীরা ঘৃণা করেন:
১. খারাপ আচরণ ও কটূ কথা বলা: অনেক পুরুষ আছেন যারা রাগের মাথায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে নানা ধরনের কটূ কথা শোনান বা অপমানজনক ব্যবহার করেন। নারীরা স্বামীর এই ধরনের আচরণ একেবারেই সহ্য করতে পারেন না। মুখে প্রতিবাদ না করলেও তারা মনে মনে ব্যাথিত হন। স্বামী যদি নিয়মিত স্ত্রীকে খারাপ কথা শোনান, তবে স্ত্রী এক সময় তাঁর কাছ থেকে দূরে সরে যেতে বাধ্য হন।
২. স্ত্রীকে যথেষ্ট সময় না দেওয়া: সব স্ত্রীই চান, তাঁর স্বামী যেন তাঁকে যথেষ্ট ব্যক্তিগত সময় দেন। কর্মব্যস্ততার অজুহাতে অনেকে পরিবারকে সময় দিতে পারেন না। কিন্তু দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে স্ত্রীকে সময় দেওয়া অপরিহার্য। অনেক পুরুষই বিষয়টি বুঝতে পারেন না, এতেই স্বামী-স্ত্রীর মধ্যে দন্দ্বের সৃষ্টি হয়, যা এক সময় বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে।
৩. নেশাগ্রস্ত জীবনযাপন: নেশাগ্রস্ত পুরুষকে বেশিরভাগ নারীই মন থেকে ঘৃণা করেন। এ ধরনের পুরুষরা সংসারের প্রতি দায়িত্বশীল হন না এবং তাদের আচরণ প্রায়শই অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। এমনও দেখা যায় যে নেশাগ্রস্ত পুরুষরা নানাভাবে স্ত্রীর উপর শারীরিক বা মানসিক নির্যাতন করেন। এ কারণেই নারীরা নেশাগ্রস্ত পুরুষকে একদমই পছন্দ করেন না।
৪. স্ত্রীকে ছোট করা বা ভুল খোঁজা: কিছু পুরুষ আছেন, যাদের অভ্যাস হলো সব সময় স্ত্রীর ভুল খুঁজে বেড়ানো। যেকোনো পরিস্থিতিতেই এ ধরনের পুরুষরা জনসমক্ষে বা ব্যক্তিগতভাবে স্ত্রীকে ছোট করতে ছাড়েন না। এই ক্ষতিকর অভ্যাসটি দাম্পত্যে গভীর নেতিবাচক প্রভাব ফেলে। এই অভ্যাস যদি আপনার মধ্যে থাকে, তবে এখনি সতর্ক হোন।
৫. স্ত্রীর কাছে টাকা ধার চাওয়া এবং ফেরত না দেওয়া: স্ত্রীর কাছে টাকা ধার চাওয়ার অভ্যাস অনেক পুরুষের মধ্যেই দেখা যায়। যদি সময়মতো সেই টাকা ফেরত দেওয়া হয়, তবে সম্পর্ক ঠিক থাকে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে, স্ত্রীর কাছে আপনি ‘লোভী’ ও ‘মিথ্যাবাদী’ হিসেবে বিবেচিত হতে পারেন। এমন পুরুষকে কোনো নারীই পছন্দ করেন না। তাই স্ত্রীর কাছে টাকা ধার চাওয়ার আগে এই আর্থিক দায়িত্ববোধের বিষয়টি মাথায় রাখা উচিত।