ভেঙে গেছে প্রিয় লিপস্টিক? ফেলে না দিয়ে ঘরেই সারিয়ে তোলার সহজ কৌশল!

নারীর সাজে লিপস্টিক এক অপরিহার্য অনুষঙ্গ। যিনি খুব একটা সাজতে ভালোবাসেন না, তার সংগ্রহেও দু-একখানা লিপস্টিক থাকেই। কিন্তু অনেক সময় সাজতে গিয়ে দেখা যায় শখের লিপস্টিকটির মাথা ভেঙে গেছে। তখন মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। সবসময় যে অযত্ন বা বেখেয়ালেই এমনটা হয়, তা কিন্তু নয়। অনেক সময় অতিরিক্ত তাপমাত্রার কারণেও লিপস্টিক গলে যেতে পারে। তবে ভাঙা লিপস্টিক ফেলে না দিয়ে সহজেই জোড়া লাগিয়ে নিতে পারবেন। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক দুটি সহজ পদ্ধতি।

পদ্ধতি ১: ডিপ ফ্রিজ ও আগুনের ব্যবহার
আপনার লিপস্টিকের যে অংশটা ভেঙে গেছে, সেটি প্রথমে একটি টিস্যুর উপর রাখুন। এরপর ওই ভাঙা অংশটি সহ লিপস্টিকটি ডিপ ফ্রিজে রেখে দিন মিনিট দশেক। এতে লিপস্টিকের ভাঙা অংশটি শক্ত হয়ে যাবে।

এবার লিপস্টিকের যে অংশ থেকে ভেঙেছে, সেখানে একটি লাইটার জ্বালিয়ে হালকা করে ধরুন। আগুনের তাপ পেলে লিপস্টিকের সেই অংশ গলে যাবে। গলে যেতে শুরু করলেই ফ্রিজে রাখা শক্ত ভাঙা অংশটি তার উপর সাবধানে জোড়া লাগিয়ে দিন। এরপর আরও কিছুটা উত্তাপ দিন যাতে দুটি অংশ ভালোভাবে জোড়া লেগে যায়।

সবশেষে, লিপস্টিকটি সোজা করে একটি জায়গায় বসিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিন মিনিট দশেক। বের করে দেখতে পাবেন, লিপস্টিক ঠিক আগের মতোই নতুন হয়ে গেছে!

পদ্ধতি ২: গলিয়ে পুনরায় ব্যবহার
যদি লিপস্টিক এমনভাবে গলে বা ভেঙে যায় যে আর জোড়া লাগানো সম্ভব হচ্ছে না, তাহলেও মন খারাপ করার কিছু নেই। একটি বড় চামচে লিপস্টিকের ভাঙা অংশগুলো নিন। এমন চামচ ব্যবহার করুন যাতে লিপস্টিকের পুরোটাই ভালোভাবে ধরে।

এরপর সেই চামচটি আগুনের উপর ধরতে থাকুন, যতক্ষণ না লিপস্টিক পুরোপুরি গলে যায়। লিপস্টিক গলে গেলে একটি ছোট পরিষ্কার কৌটো বা কনটেইনার নিন। খালি কৌটোয় গলা লিপস্টিকটি সাবধানে ঢেলে রাখুন।

এবার এটি ঠান্ডা হতে দিন। লিপস্টিক ঠান্ডা হয়ে শক্ত হলে আঙুল কিংবা তুলির সাহায্যে এটি ব্যবহার করতে পারবেন। এটি আপনার পুরনো লিপস্টিকের নতুন রূপ।

লিপস্টিক ভালো রাখতে কিছু টিপস:
লিপস্টিক ফ্রিজে রাখার চেষ্টা করুন। এতে তাপের কারণে গলে যাওয়ার ভয় থাকে না, বিশেষ করে গরমের দিনে।
লিপস্টিক কত তাপমাত্রায় রাখা উচিত, সে সম্পর্কে জেনে নিন। ঘরের তাপমাত্রা খুব বেশি না হলে ফ্রিজের বাইরেও রাখতে পারেন, তবে তাপমাত্রা বেশি হলে ফ্রিজে রাখাই বুদ্ধিমানের কাজ।