সম্পর্কে ঝগড়া? ইগো নয়, ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনুন মধুরতা!

যেকোনো সম্পর্কেই ঝগড়া, কথা কাটাকাটি বা তর্ক হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন দু’পক্ষ তা ধরে নিয়ে বসে থাকেন এবং দীর্ঘ সময় ধরে বুকে অভিমান জমিয়ে কষ্ট পেতে থাকেন। এভাবেই সম্পর্কে দূরত্বের সৃষ্টি হতে থাকে। তাই ঝগড়ার পর সম্পর্ককে আবার নতুন করে মধুর করে তোলার চেষ্টা করতে হবে দু’জনকেই। এতে একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়বে এবং সম্পর্কও দীর্ঘস্থায়ী হবে।
ঝগড়ার পর সম্পর্ককে আবার স্বাভাবিক করতে কিছু সহজ টিপস মেনে চলতে পারেন:
১. দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা করুন
যতই ঝগড়া ধরে বসে থাকবেন, ততই সম্পর্কে এর খারাপ প্রভাব পড়বে। তাই ধরে বসে থাকার মনোভাব বাদ দিন। ঝগড়া যে ব্যাপারটি নিয়েই হোক না কেন, তা সেখানেই মিটিয়ে ফেলার চেষ্টা করুন। এর রেশ টেনে পরে আবার ঝগড়া বাঁধানোর কোনো মানে হয় না।
২. মধুর স্মৃতিগুলো মনে করুন
ঝগড়ার পর মনে হতেই পারে আপনার সঙ্গী আপনাকে একেবারেই ভালোবাসেন না, বা তার সাথে জড়িয়ে আপনি জীবনে সুখ পেলেন না। কিন্তু দু’জনের একসাথে কাটানো মধুর স্মৃতিগুলো মনে করে দেখুন। এই ধরনের আজেবাজে কথা মাথা থেকে নিমেষেই দূর হয়ে যাবে। এতে করে ঝগড়ার পরও মনের মানুষটির সাথে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হবে না।
৩. ভুল যারই হোক, ক্ষমা চেয়ে নিন
হতে পারে যেকোনো একজনের জন্য আপনাদের মধ্যে ঝগড়া হয়েছে, অথবা দু’জনের ভুলের কারণেই। ভুল যারই হোক না কেন, সম্পর্কে পুনরায় মধুরতা আনতে দু’জনেই দু’জনের কাছে ক্ষমা চেয়ে নিন। কারণ, ভুল যারই হোক না কেন, ঝগড়া তো দু’জনেই করেছেন। এতে দু’জনের মনে দু’জনের জন্য নতুন করে ভালোবাসার সৃষ্টি হবে।
৪. জোর করে কিছু করবেন না
জোরাজুরি করে কোনো কিছুই হয় না – এই কথা মনে রাখবেন। যদি সঙ্গী আপনার মতো চিন্তা না করতে পারেন, তবে আপনি তাকে জোর করে নিজের মতো করে ভাবতে বাধ্য করতে পারবেন না। তিনি যখন সহজ হবেন, তখনই তার সাথে কথা বলে বিষয়টি মিমাংসা করে নিন। নতুবা নতুন করে ঝগড়ার সূচনা হবে।
৫. ভালোবাসার প্রকাশ করুন, ইগো ছাড়ুন
আপনি নিজেও জানেন আপনারা একজন আরেকজনকে কতটা ভালোবাসেন। তাই সামান্য ঝগড়ার কারণে হুটহাট রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেবেন না। এবং সবচাইতে বড় বিষয় হলো, ইগো ধরে বসে থাকবেন না। সম্পর্কে ইগো ধরে বসে থাকলে সেই সম্পর্ক সুখের হয় না এবং দীর্ঘস্থায়ীও হয় না। ভুল করলে ক্ষমা চেয়ে নিন। প্রকাশ করুন একে অপরের প্রতি ভালোবাসা।
৬. সঙ্গীর জন্য অন্যরকম কিছু করুন
ঝগড়ার পর মনের মেঘ দূর করে ফেলার জন্য এমন কিছু করুন যা আপনার সঙ্গীর মুখে নিমেষেই হাসি ফুটিয়ে দেবে। রাতে ঝগড়া হয়েছে? সকালে একটি ভালোবাসাপূর্ণ মেসেজ পাঠিয়ে দিন সঙ্গীকে। অথবা সকালে ঝগড়া করেছেন তাহলে মিটিয়ে ফেলার জন্য সারপ্রাইজের ব্যবস্থা করে ফেলুন সঙ্গীর জন্য। ছোট ছোট এই প্রচেষ্টাগুলো সম্পর্কের বাঁধন আরও মজবুত করে তুলবে।