‘আমাদের মৃত্যুর জন্য দায়ী…’ ভাড়াবাড়ি থেকে বাবা-মা ও মেয়ের নিথর দেহ উদ্ধার, নেপথ্যে কোন রহস্য?

হুগলির ধনিয়াখালিতে একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সোমসপুর দুলেপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মা, বাবা ও তাঁদের ১৭ বছরের মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি দেওয়াল লিখনের সূত্র ধরে শুরু হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত।
মৃতদের পরিচয় জানা গিয়েছে উত্তম চাঁই (৫২), তাঁর স্ত্রী রূপা চাঁই (৪৫) এবং মেয়ে অঙ্কিতা চাঁই (১৭)। তাঁদের আদি বাড়ি ডানকুনি এলাকায় হলেও বেশ কিছুদিন ধরে ধনিয়াখালির ওই বাড়িতে তারা ভাড়ায় থাকতেন। প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, পরিবারটি স্থানীয়দের সঙ্গে খুব একটা মিশত না এবং বাড়ির দরজায় প্রায়ই তালা ঝুলে থাকত।
শুক্রবার দীর্ঘক্ষণ বাড়ির কাউকে দেখতে না পেয়ে ও কোনো সাড়াশব্দ না মেলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধনিয়াখালি হাসপাতালে পাঠায়।
যে ঘর থেকে দেহগুলি উদ্ধার হয়েছে, সেই ঘরের দেওয়ালে পেন্সিল দিয়ে দু’টি নাম লিখে রাখা হয়েছে। প্রাথমিক অনুমান, এটি কোনো সুইসাইড নোট হতে পারে। পুলিশ খতিয়ে দেখছে পরিবারটি কোনো আর্থিক অনটনে ভুগছিল কি না কিংবা বাইরের কোনো চাপের মুখে পড়েছিল কি না। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে তদন্তকারীরা।