জিমে গিয়েও কমছে না ওজন? এই ৫ ভুল করছেন না তো!

মেদের সমস্যায় ভুগছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। সব ধরনের ডায়েট করেও যখন মেদ কমে না, তখন অনেকেই জিমে গিয়ে শরীরচর্চা শুরু করেন। কিন্তু সেখানেও কাঙ্ক্ষিত ফল না পেয়ে অনেকে হতাশ হয়ে পড়েন। আসলে কিছু সাধারণ ভুলের কারণে জিমে গিয়েও ওজন কমানো সম্ভব হয় না। চলুন জেনে নেওয়া যাক সেই ভুলগুলো কী কী:

১. ফোনে আসক্তি:
আজকাল অনেকেরই ফোন ছাড়া এক মুহূর্ত চলে না। জিমে গিয়েও ওয়ার্কআউটের মাঝে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকেন। এতে শরীরচর্চায় মনোযোগ বিঘ্নিত হয় এবং স্ট্রেস কমার বদলে উল্টো আরও বেড়ে যায়। ফলে ঠিকমতো ওয়ার্কআউট করা যায় না এবং এর প্রভাব পড়ে ওজন কমানোর ওপর। জিমে থাকাকালীন ফোন দূরে রাখুন এবং সম্পূর্ণ মনোযোগ ওয়ার্কআউটে দিন।

২. ডায়েট না মানা:
আপনি হয়তো জিমে মন দিয়ে শরীরচর্চা করছেন, কোথাও কোনো ভুল নেই। কিন্তু তার সঙ্গে জরুরি সঠিক ডায়েট মানছেন না। জিমের সঙ্গে সমান তালে যদি চলে পিৎজা, বার্গার বা চিজ স্যান্ডউইচের মতো ফাস্টফুড, তাহলে উপকার তো হবেই না, উল্টো সকাল-বিকেলের জিম স্রেফ পণ্ডশ্রম হয়ে দাঁড়াবে। ওজন কমাতে চাইলে জিমে ঘাম ঝরানোর পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা অপরিহার্য।

৩. মানসিক অবসাদ:
মন খারাপ ওজন না কমার একটি অন্যতম কারণ হতে পারে। সব সময় মন ভালো থাকবে এমন কোনো কথা নেই। কিন্তু অনেক সময় মন খারাপ বা অবসাদ থাকলে আমরা আমাদের দৈনন্দিন কাজে মনোযোগ দিতে পারি না। জিমে গিয়ে মন দিয়ে ওয়ার্কআউট না করতে পারার কারণেও ওজন কমানোর প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। সুস্থ শরীর ও মনের জন্য মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখা প্রয়োজন।

৪. ভুল ট্রেইনার নির্বাচন:
মেদ না কমার আরেকটি কারণ হতে পারে জিমের ট্রেইনারের অভাবনীয়তা। দেখা যায়, অনেকে কোনো রকম খোঁজখবর না নিয়েই জিমে ভর্তি হয়ে যান। জিমে ভর্তি হওয়ার আগে ট্রেইনার যথেষ্ট অভিজ্ঞ কিনা, তার প্রশিক্ষণ ও যোগ্যতা কেমন, সে বিষয়ে ভালোভাবে জেনে নেওয়া উচিত। একজন ভালো ও অভিজ্ঞ ট্রেইনার আপনাকে সঠিক পথে পরিচালিত করতে পারেন।

৫. সব মেশিন ব্যবহার করার প্রবণতা:
জিমে থাকা সব মেশিন একবার করে ব্যবহার করতেই হবে – এমন ভাবনা যদি আপনার হয়, তবে তা আজই মন থেকে সরিয়ে ফেলুন। বরং আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী কিছু নির্দিষ্ট ব্যায়ামের ওপর মনোযোগ দিন। একজন অভিজ্ঞ ট্রেইনারের পরামর্শ নিয়ে আপনার জন্য উপযুক্ত ব্যায়ামগুলি বেছে নিন এবং সেগুলিতেই নিয়মিত অনুশীলন করুন। অহেতুক সব মেশিন ব্যবহার করে সময় নষ্ট করলে কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন।