বাথরুমে রাখেন টুথব্রাশ? অজান্তেই ডেকে আনছেন বিপদ!

দাঁত পরিষ্কার রাখতে নিয়মিত ব্রাশ করার বিকল্প নেই। তবে দৈনিক দাঁত ব্রাশ করার পর তা সঠিকভাবে সংরক্ষণের বিষয়ে অনেকের মধ্যেই উদাসীনতা দেখা যায়।
অনেকেই বাথরুমের ব্রাশ হোল্ডারে টুথব্রাশ রেখে দেন। অথচ পরিষ্কার স্থানে টুথব্রাশ না রাখলে মারাত্মক সংক্রমণ ছড়াতে পারে। টুথব্রাশ সংরক্ষণের ক্ষেত্রে কোন কোন ভুলগুলি এড়িয়ে চলা উচিত, তা জেনে রাখা অত্যন্ত জরুরি:
১. কমোডের পাশে টুথব্রাশ রাখবেন না:
বাথরুমের সবচেয়ে দূষিত স্থানগুলোর মধ্যে অন্যতম হল কমোডের কাছাকাছি এলাকা। ফ্ল্যাশ করার সময় জলের কণা এবং জীবাণু বাতাসে মিশে যায় এবং সহজেই আপনার টুথব্রাশের সংস্পর্শে আসতে পারে। এই স্থানে জলীয় বাষ্পের পরিমাণও সবচেয়ে বেশি থাকে, যা ব্রাশে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। তাই সুস্থ থাকতে কখনোই কমোডের পাশে টুথব্রাশ রাখা উচিত নয়।
২. ব্রাশে ঢাকনা লাগিয়ে রাখবেন না:
অনেকেই মনে করেন ব্রাশে ঢাকনা লাগিয়ে রাখলে তা জীবাণুমুক্ত থাকবে। তবে বাস্তবতা ভিন্ন। ভেজা ব্রাশে ঢাকনা লাগিয়ে রাখলে আর্দ্রতা আটকে থাকে, যা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। যদিও ব্রাশের ঢাকনা ব্যবহার করতে হয়, তবে তা মাঝে মাঝে ভালোভাবে পরিষ্কার করা জরুরি। ব্রাশ ব্যবহারের পর তা ভালোভাবে শুকিয়ে তবেই ঢাকনা লাগান।
৩. একাধিক টুথব্রাশ একসঙ্গে রাখবেন না:
অনেকের বাথরুমে একই ব্রাশ হোল্ডারে একাধিক টুথব্রাশ রাখা থাকে। এটিও একটি ভুল অভ্যাস। এক্ষেত্রে একটি টুথব্রাশ থেকে অন্য টুথব্রাশে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে পরিবারের কোনো সদস্য অসুস্থ থাকলে এই ঝুঁকি আরও বাড়ে। প্রতিটি টুথব্রাশের জন্য আলাদা হোল্ডার ব্যবহার করা উচিত এবং সেগুলোর মধ্যে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা প্রয়োজন।
টুথব্রাশ আমাদের দাঁতের স্বাস্থ্য সুরক্ষায় অপরিহার্য। তাই এটিকে সঠিকভাবে সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব। উপরে উল্লেখিত ভুলগুলো এড়িয়ে চললে আপনার টুথব্রাশ থাকবে জীবাণুমুক্ত এবং আপনি রক্ষা পাবেন বিভিন্ন সংক্রমণের হাত থেকে। মনে রাখবেন, সামান্য অসাবধানতাও আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।