টুথপিকের যত জাদুকরি ব্যবহার, শুধু দাঁত পরিষ্কার নয়, আরও কত কী!

টুথপিক! নামটি শুনলেই আমাদের মনে আসে দাঁত পরিষ্কার করার ছোট একটি কাঠির কথা। কিন্তু আপনি কি জানেন, এই ছোট এবং সাধারণ বস্তুটি দিয়ে দৈনন্দিন জীবনের বেশ কিছু কঠিন কাজও খুব সহজে সেরে ফেলা যায়? দাঁত পরিষ্কারের মতো প্রয়োজনীয় কাজের পাশাপাশি টুথপিকের আরও অনেক চমৎকার ও বুদ্ধিদীপ্ত ব্যবহার আছে, যা জানলে আপনি অবাক হবেন। চলুন, জেনে নিই টুথপিকের এমনই কিছু দারুণ ব্যবহার।

টুথপিকের অজানা ও কার্যকরী ব্যবহারসমূহ:
দুধ বা ভাত উপচে পড়া আটকান: চুলায় দুধ বা ভাত ফুটাতে গিয়ে প্রায়ই উপচে পড়ার সমস্যায় পড়েন? এই সমস্যার সমাধান খুব সহজ! পাত্রের মুখে ঢাকনা দিয়ে, ঢাকনার কিনারা ও পাত্রের মুখের মাঝামাঝি অংশে একটি টুথপিক রেখে দিন। এতে করে দুধ বা অন্য যেকোনো তরল খাবার বলক উঠে আর উপচে পড়বে না।

আলু দ্রুত সেদ্ধ করুন: হাতে সময় কম থাকলে আলু দ্রুত সেদ্ধ করতে চান? টুথপিকের সাহায্যে আলুর উপরিভাগে কয়েকটি ছিদ্র করে নিন। এতে করে আলু তুলনামূলক কম সময়ে সেদ্ধ হয়ে যাবে।

আকর্ষণীয় ফিঙ্গার ফুড তৈরি: টুথপিকে বিভিন্ন ধরনের ফল, পনির, ছোট মাংসের টুকরা বা আলুর টুকরা গেঁথে তৈরি করতে পারেন সুন্দর মিনি ফিঙ্গার ফুড। খাবারের এমন বৈচিত্র্যপূর্ণ পরিবেশনা সহজেই শিশুদের আকৃষ্ট করবে।

মোবাইল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন: মোবাইলের চার্জিং পোর্ট, ইয়ারফোন পোর্ট এবং অন্যান্য সরু অংশগুলো খুব দ্রুত ময়লা জমে যায়। এই অংশগুলো ভালোমতো পরিষ্কার করতে টুথপিকই আপনার ভরসা। একটি টুথপিকের মাথা সামান্য স্পিরিটে ভিজিয়ে বাড়তি স্পিরিট ঝরিয়ে নিন এবং সাবধানে এই অংশগুলো পরিষ্কার করুন।

মোমবাতি জ্বালানো সহজ করুন: ম্যাচের সাহায্যে মোমবাতিতে আগুন জ্বালাতে গিয়ে হাত পুড়ে যাওয়ার ভয় থাকে? এই ক্ষেত্রে টুথপিক ব্যবহার করুন। টুথপিকের মাথায় আগুন ধরিয়ে এরপর নিশ্চিন্তে মোমবাতি জ্বালান, হাত পুড়ে যাওয়ার ভয় থাকবে না।

স্কচটেপের মাথা খুঁজে বের করুন: স্কচটেপ রোলের স্কচটেপের শেষ প্রান্ত খুঁজে না পাওয়ার সমস্যাটি প্রায় সবারই পরিচিত। এই সমস্যা থেকে মুক্তি পেতে স্কচটেপ ব্যবহারের পর শেষ মাথায় একটি টুথপিক রাখুন। এতে করে যেকোনো সময় সহজেই স্কচটেপের মাথা খুঁজে পাবেন।

কেক বা পুডিং সেদ্ধ হয়েছে কিনা বুঝুন: কেক বা পুডিং বেক করার পর সেটি পুরোপুরি তৈরি হয়েছে কিনা বুঝতে পারছেন না? নির্দিষ্ট সময় বেক করার পর কেক বা পুডিংয়ে একটি টুথপিক ঢুকিয়ে দেখুন। যদি টুথপিকটি পরিষ্কারভাবে বেরিয়ে আসে, তবে বুঝতে হবে যে বেক করা হয়ে গেছে। কিন্তু যদি টুথপিকে কোনো কিছু লেগে থাকে, তবে আরও কিছুক্ষণ বেক করতে হবে।

ছোট ও দুর্বল গাছকে সোজা রাখুন: ছোট বা দুর্বল গাছ খুব সহজে নেতিয়ে পড়ে। এই সমস্যার সমাধান হিসেবে টুথপিক খুব ভালো কাজ করবে। গাছের গোড়ায় টুথপিক পুঁতে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে দিন। এতে গাছ ভালোমতো দাঁড়িয়ে থাকবে।

নেইল আর্ট করুন: নেইল আর্ট করার ইচ্ছা থাকলেও হাতের কাছে সরঞ্জাম নেই? টুথপিককেই বানিয়ে নিতে পারেন নেইল আর্টের সরঞ্জাম হিসেবে। সেক্ষেত্রে টুথপিকের সূক্ষ্ম মাথার অংশটি ভেঙে নিয়ে একটি নেইল ফাইলের সাহায্যে ঘষে মসৃণ করে নিন।