অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন? দ্রুত আরাম পেতে ভরসা রাখুন এই খাবারগুলোতে!

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, হজমের সমস্যা, অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া অথবা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া – নানা কারণে দেখা দিতে পারে অ্যাসিডিটির মতো কষ্টকর সমস্যা। বুক ও পেটে জ্বালাপোড়া বা অস্বস্তি অ্যাসিডিটির একটি পরিচিত লক্ষণ। যখন এই সমস্যা হঠাৎ করে বেড়ে যায়, তখন দ্রুত আরাম পেতে কিছু নির্দিষ্ট খাবার দারুণ কার্যকরী হতে পারে। জেনে নিন কোন খাবারগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করবে।
অ্যাসিডিটি কমাতে যেসব খাবারে ভরসা রাখবেন:
১. ওটস: পর্যাপ্ত পরিমাণে আঁশ সমৃদ্ধ ওটস হজমতন্ত্রের জন্য খুবই উপকারী। এটি পাকস্থলীর সমস্যা কমানোর পাশাপাশি বুক ও পেটের জ্বালাপোড়া কমাতেও কার্যকর। সকালে নাস্তার জন্য তেল ও মশলাবিহীন খাবার হিসেবে ওটসকে প্রাধান্য দিতে পারেন। তাৎক্ষণিকভাবে অ্যাসিডিটির সমস্যা কমাতে চাইলে উদ্ভিজ্জ দুধের (যেমন: আমন্ড মিল্ক বা সয়া মিল্ক) সঙ্গে মিশিয়ে খেতে পারেন।
২. অ্যালোভেরা: শুধু রোদে পোড়া ত্বকের যত্নেই নয়, অ্যাসিডিটির সমস্যা অল্প সময়ের মধ্যে কমিয়ে আনার ক্ষেত্রে অ্যালোভেরা পাতার জেল ১০০ ভাগ কার্যকর বলে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। দ্রুততম সময়ে বুক-পেট জ্বালাপোড়ার সমস্যা কমাতে চাইলে শসার সঙ্গে অ্যালোভেরা জেল ব্লেন্ড করে পান করতে পারেন।
৩. কলা: অনেকেই কলা পছন্দ করেন না, কিন্তু অ্যাসিডিটির মতো কষ্টকর সমস্যা থেকে মুক্তি পেতে এই সহজলভ্য ফলটি দারুণ কাজে দেয়। পাকা কলায় থাকা উচ্চমাত্রার pH অ্যাসিডিটির সমস্যাকে প্রশমিত করতে সাহায্য করে। ঘরে বা হাতের কাছে অন্য কিছু না থাকলে একটি মাঝারি আকারের পাকা কলা খেলেই বুক ও পেটের জ্বালাপোড়াভাব কমে আসবে। যারা সকালে ওটস খাচ্ছেন, তারা এর সঙ্গে একটি পাকা কলা যোগ করার চেষ্টা করুন।
৪. মৌরি: সুগন্ধযুক্ত এই মশলাটি অ্যাসিডিটির সমস্যা কমাতে খুবই কার্যকর। মৌরি চা পানে বুক ও পেট জ্বালাপোড়ার সমস্যা প্রশমিত হয়। তবে, প্রতিদিনের খাদ্যাভ্যাসে মৌরি রাখতে পারলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে। খাবারের পর এক চিমটি মৌরি চিবিয়ে খেতে পারেন অথবা জলের মধ্যে মৌরি ফুটিয়ে সেই জল পান করতে পারেন।
অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে এই খাবারগুলো নিয়মিত গ্রহণ করে দেখতে পারেন। তবে, যদি সমস্যা গুরুতর বা দীর্ঘস্থায়ী হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।