রোজকার খাবারে করলা থাকলে শরীর সুস্থ থাকে। করলাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, ম্যাগনেশিয়াম ও বিভিন্ন প্রকার ভিটামিন। প্রতিদিনের ডায়েটে এই তেতো সবজি থাকলে অসুখ-বিসুখের সঙ্গে লড়াই করা অনেক সহজ হয়ে ওঠে। জেনে নিন, করলা আমাদের স্বাস্থ্যের কী কী উপকার করে।
ডায়াবেটিসের সমস্যায় যে সবজিগুলো চোখ বন্ধ করে খাওয়া যায়, তার মধ্যে অন্যতম হলো করলা। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে জাদুর মতো কাজ করে। বিশেষ করে, করলার জুস সুগারের মাত্রা কমাতে অনেক উপকারী। তাই ডায়াবেটিস রোগীদের সব চিকিৎসকই করলা খেতে বলেন। করলাতে থাকা ফাইবার উপাদান ভালো হজমে সাহায্য করে। তা ছাড়া প্রতিদিন পর্যাপ্ত ফাইবার গ্রহণ কোষ্ঠকাঠিন্য কমায়, শরীর থেকে বর্জ্য এবং বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। লিভার সুস্থ রাখতে সাহায্য করে করলা। লিভারের কার্যকারিতা উন্নত করে এবং শরীরের টক্সিন লিভারের মাধ্যমে ছেঁকে বের করতে সাহায্য করে। তাই যাদের লিভারের কোনো সমস্যা রয়েছে তারা রোজ নিয়ম করে করলা খান। করলা খুব দ্রুত দেহের ওজন কমাতে সাহায্য করে। এই সবজিতে ক্যালরি এবং কার্বোহাইড্রেট খুব কম। বিশেষজ্ঞদের মতে, করলার রস ফ্যাট সেলগুলো বার্ন করে এবং সেই জায়গায় নতুন ফ্যাট সেল তৈরি হতে বাধা দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় করলা। করলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে। ফলে বিভিন্ন রোগ-ব্যাধি এবং সংক্রমণ থেকে সুস্থ থাকে শরীর। করলায় থাকা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বজায় রাখে। ফলে হার্ট সুস্থ থাকে।





