এবার বাঁ হাতের বিশ্রাম! ক্ল্যাচ ছাড়াই বদলে যাবে গিয়ার, ভারতের বাজারে হন্ডার এই ম্যাজিক বাইকটি চেনেন?

ভারতের ব্যস্ত শহর থেকে পাহাড়ি হাইওয়ে—প্রতিটি বাঁকেই এবার মিলবে মুক্তির আমেজ। কারণ, বিশ্বখ্যাত বাইক নির্মাতা সংস্থা হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) তাদের জনপ্রিয় মিড-সাইজ অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল ‘NX500’-এ নিয়ে এল বিপ্লব। এবার এই মডেলে যুক্ত হচ্ছে অত্যাধুনিক ‘হন্ডা ই-ক্লাচ’ (E-Clutch) প্রযুক্তি। এটি এমন এক উদ্ভাবনী সিস্টেম যা বাইক চালানোর সনাতন ধারণাই বদলে দেবে।

কী এই ই-ক্লাচ প্রযুক্তি?
সহজ কথায় বলতে গেলে, এই সিস্টেমে বাইক স্টার্ট করা, গিয়ার পরিবর্তন করা বা ব্রেক কষার সময় আপনাকে আর কষ্ট করে বাঁ হাতের ক্লাচ লিভার টিপতে হবে না। এই সবটাই নিখুঁতভাবে পরিচালনা করবে সুনির্দিষ্ট ইলেকট্রনিক্স নিয়ন্ত্রণ। যারা শহরের অসহ্য ট্র্যাফিক জ্যামে বাইক চালাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন, তাঁদের ক্লান্তি দূর করতেই এই প্রযুক্তি। তবে হন্ডা জানিয়েছে, চালক চাইলে যেকোনো সময় এই সিস্টেমটিকে ওভাররাইড করে ম্যানুয়ালি ক্লাচ ব্যবহার করার সুযোগও পাবেন। অর্থাৎ, আধুনিক প্রযুক্তির পাশাপাশি রাইডিংয়ের আদি রোমাঞ্চও থাকছে অটুট।

পাওয়ার আর পারফরম্যান্সের মেলবন্ধন
Honda NX500-এর অন্দরে রয়েছে একটি ৪৭১সিসি লিকুইড-কুলড, প্যারালাল-টুইন ইঞ্জিন। যা ৬-স্পিড ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত। এই ইঞ্জিনটি এমনভাবে টিউন করা হয়েছে যাতে শহরের রাস্তায় লো-রেঞ্জ টর্ক এবং হাইওয়েতে উচ্চ RPM-এ লিনিয়ার পাওয়ার ডেলিভারি পাওয়া যায়। এই বাইকটি তৈরি করা হয়েছে স্টিল ডায়মন্ড ফ্রেমে, যা অত্যন্ত মজবুত। আরামদায়ক সফরের জন্য সামনে রয়েছে শোয়া SFF-BP USD সাসপেনশন এবং পিছনে প্রিলোড-অ্যাডজাস্টেবল রিয়ার মনোশক।

নিরাপত্তা ও ফিচার্সে ঠাসা
নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করেনি হন্ডা। এতে রয়েছে ডুয়াল-চ্যানেল ABS, সামনে ১৯-ইঞ্চি এবং পিছনে ১৭-ইঞ্চির অ্যালয় হুইল। টেক-প্রেমীদের জন্য রয়েছে ৫.০-ইঞ্চি ফুল-কালার TFT ডিসপ্লে, যেখানে স্মার্টফোন কানেক্টিভিটির মাধ্যমে নেভিগেশন, কল ও মিউজিক নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি ম্যাট গানপাউডার ব্ল্যাক মেটালিক এবং পার্ল হরাইজন হোয়াইট—এই দুটি দুর্দান্ত রঙে পাওয়া যাবে। জাপানি সংস্থা হন্ডার লক্ষ্য ২০৫০ সালের মধ্যে তাদের বাইকের মাধ্যমে হওয়া পথ দুর্ঘটনার হার শূন্যে নামিয়ে আনা, আর এই ই-ক্লাচ প্রযুক্তি সেই লক্ষ্যেই আরও এক বড় পদক্ষেপ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy